যশোর শহরে নারীকে মারপিট করে টাকা স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ

0

স্টাফ রিপোর্টার॥ যশোর শহরের ধর্মতলা এলাকায় লাভলী বেগম (৩৫) নামে এক নারীকে মারপিট করে টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ১০ নভেম্বর বুধবার সন্ধ্যায় ধর্মতলা কাঁচাবাজার এলাকায় এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কোতয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লাভলী বেগম ধর্মতলা কাঁচাবাজার এলাকার ফারুকের বাড়ির ভাড়াটিয়া আব্দুল করিম বিশ্বাসের কন্যা। তার অভিযোগ, খোলাডাঙ্গা এলাকার রবিউল ইসলামের স্ত্রী মনিরা বেগম একই এলাকার রঞ্জনের স্ত্রী ভাদুরীকে টাকা ধার দেয়। এই টাকা ধার দেয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ভাদুরী বিষয়টি লাভলী বেগমকে অবগত করে। লাভলী বেগম মনিরা বেগমকে বিষয়টি মীমাংসা করে নিতে বলেন। ১০ নভেম্বর সন্ধ্যায় ধর্মতলা কাঁচাবাজার এলাকায় লাভলী বেগমের সাথে মনিরা বেগমের দেখা হলে বিষয়টি মীমাংসা করার জন্যে অনুরোধ করেন। এতে মনিরা বেগম ক্ষিপ্ত হয়ে তার দুই মেয়ে তানিয়া খাতুন ও সোনিয়া খাতুনকে সাথে নিয়ে তার ওপর আক্রমন করে। এ সময় অভিযুক্তরা লাভলী বেগমকে চুল ধরে টানাটানি করে এবং মারপিট করে। এ সময় অভিযুক্তরা লাভলী বেগমের ব্যাগে থাকা ৮০ হাজার টাকা এবং গলায় থাকা স্বর্ণের চেইন ও লকেট ছিনিয়ে নেয় বলে জানান লাভলী বেগম। এ ঘটনায় তিনি অভিযুক্তদের নাম ঊল্লেখ করে কতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন।