যশোরে ৫ বছরে নৃশংস হত্যার শিকার পাঁচ শিশু

0

 

মীর মঈন হোসেন মুসা ॥ যশোরে শিশুরা নৃশংস হত্যার শিকার হচ্ছে। পারিবারিক অশান্তি ও অভিভাবকের সাথে এলাকাবাসীর দ্বন্দ্বের জেরে প্রতিবেশী, সৎ মা এমনকী নিজের মায়ের হাতেও খুন হচ্ছে শিশুরা। ধর্ষণের পর হত্যারও শিকার হয়েছে এক শিশু। গত ৫ বছরে এভাবে অন্তত ৫ জন শিশু নৃশংস হত্যার শিকার হয়েছে। প্রতিটি ঘটনায় জড়িতদের আটক করেছে পুলিশ। এর মধ্যে শিশু আফরিন তৃষা ধর্ষণ ও হত্যা মামলার সব আসামি আদালত থেকে খালাশ পেয়েছে। শিশু আফরিন তৃষা ধর্ষণ ও হত্যার ঘটনাটি যশোরে সেই সময় ব্যাপক আলোচিত হয়েছিলো।
চলতি ১৩ জানুয়ারি দুপুরে শহরের খড়কি ধোপাপাড়ায় সৎ মায়ের হাতে নৃশংসভাবে হত্যার শিকার হয় ২ বছরের শিশু আয়েশা খাতুন। সে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলো। সৎ মা পারভীন সুলতানা তাকে কাছে রাখতে রাজি ছিলেন না। এ কারণে ক্ষুব্ধ হয়ে কিলঘুষি, ঝাড়– দিয়ে পিটিয়ে এবং চুল ধরে ঘরের দেওয়ালে আঘাত করে আয়েশা খাতুনকে তার সৎ মা পারভীন সুলতানা হত্যা করেন বলে পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে জানা যায়। নিহত আয়েশা খাতুনের পিতার নাম ওয়াসকুরুনী পিন্টু। অবশ্য পুলিশ অভিযুক্ত নারীকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
এর আগে ২০২৩ সালের ২১ নভেম্বর রাতে কেশবপুর পৌরসভার সাহাপাড়া নতুন মসজিদ ১২ দিন বয়সের দুই যমজ শিশুকে ডোবার পানিতে ডুবিয়ে হত্যা করেন তারই গর্ভধারিণী মা সুলতানা খাতুন। স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের জের ধরে যমজ এই শিশু সন্তান নৃশংস হত্যার শিকার হয়। নিহত যমজ শিশুর পিতার নাম আবু বকর। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত সুলতানা খাতুনকে আটকও করেছে।
২০২২ সালের ১ অক্টোবর যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের বি-পতেঙ্গালী গ্রামে নৃশংস ও নিষ্ঠুর হত্যাকা-ের শিকার হয় সানজিদা জান্নাত মিষ্টি (৮) নামে এক শিশু। সে একই এলাকার সোহেল রানার মেয়ে। আঞ্জুয়ারা খাতুন নামে প্রতিবেশী এক নারী আপেল খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে গামছা দিয়ে হাত-পা বেঁধে, গলায় ওড়না পেচিয়ে এবং মুখের ভেতর ওড়না ঢুকিয়ে নিষ্ঠুরভাবে তাকে হত্যা করেন। হত্যার পর তার লাশ ড্রামের ভেতর রেখে চাল দিয়ে ঢেকে রেখে দিয়েছিলেন ওই নারী। আঞ্জুয়ারা খাতুনের সমবয়সী সন্তান অপূর্ব বাক ও শারীরিক প্রতিবন্ধী। তাকে সানজিদা জান্নাত মিষ্টির মা শরীফা খাতুন পাগল বলে মন্তব্য করেছিলেন। এ নিয়ে দুই শিশুর মায়ের মধ্যে প্রচ- ঝগড়া হয়। সেই আক্রোশে সানজিদা জান্নাত মিষ্টিকে আপেল খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে হত্যা করেন আঞ্জুয়ারা খাতুন। এই হত্যা মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
২০১৯ সালের ৩ মার্চ যশোর শহরতলীর খোলাডাঙ্গায় আফরিন তৃষা নামে এক শিশু ধর্ষণ ও হত্যার শিকার হয়। একই এলাকার ইজিবাইকচালক তরিকুল ইসলামের মেয়ে সে। কারবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে সে লেখাপড়া করতো। হত্যার পরদিন একই এলাকার জনৈক প্রফুল্লের বাড়ির পাশ থেকে মাটিচাপা দেওয়া তার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছিলো। আফরিন তৃষা ধর্ষণ ও হত্যার সাথে জড়িত ছিলো একই এলাকার সাইফুল ইসলাম, মেহেদী হাসান শক্তি ও শামীম হোসেন। জড়িতদের মধ্যে শামীম হোসেন ৫ মার্চ আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। মৃত্যুজনিত কারণে পরবর্তীতে তাকে বাদ দিয়ে এবং সাইফুল ইসলাম ও মেহেদী হাসান শক্তিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। চাঞ্চল্যকর তৃষা ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই সময় এলাকায় বিক্ষোভ হয়। স্কুলের শিক্ষার্থীরা জড়িতদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য মানববন্ধন পালন করে। কিন্তু পরবর্তীতে মামলার রায়ে চার্জশিটভুক্ত দুই আসামি আদালত থেকে খালাশ পেয়ে যায়। যদিও এই রায়ে অসন্তোষ প্রকাশ করে নিহতের পিতা তরিকুল ইসলাম উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছিলেন। তবে তিনি উচ্চ আদালতে আপিল করেছিলেন কিনা তা জানা যায়নি।