যশোরে ৫ জনকে বিদেশে পাঠানোর কথা বলে সাড়ে ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরে পাঁচ জনকে বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে প্রায় সাড়ে ১৮ লাখ টাকা নিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে একই পরিবারের ৩ জনের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার যশোর সদর আমলী আদালতে মামলা হয়েছে। সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ দুলালের ছেলে মোহাম্মদ হুমায়ুন মামলাটি করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম কিবরিয়া অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্যে সিআইডি যশোরের বিশেষ পুলিশ সুপারকে আদেশ দিয়েছেন।
আসামিরা হলেন, সদর উপজেলার হাশিমপুর গ্রামের বাসিন্দা সেলিম রেজা, তার ছেলে রাসেল ও মেয়ে সেলিনা আক্তার।
মোহাম্মদ হুমায়ুনের অভিযোগ, আসামি সেলিম রেজা তার পূর্ব পরিচিত। সেলিম রেজা তাকে জানান, তার ছেলে রাসেল দীর্ঘদিন ধরে মাল্টা নামক একটি দেশে থাকেন। সেই সুবাদে তারা ইতোপূর্বে অনেককে বিদেশে পাঠিয়েছেন। জনপ্রতি ৫ লাখ টাকা করে দিলে তারা তাদের মাল্টায় পাঠাতে পারবেন। সেখনে ভালো বেতন পাওয়া যাবে। এ সময় হুমায়ুন ৫ জনকে পাঠাতে চাইলে সেলিম রেজা তাতে রাজি হন। চুক্তি হয়, পাঁচ জনকে পাঠানোর জন্যে মোট ১৮ লাখ ৩০ হাজার টাকা দিতে হবে। সেই অনুযায়ী সেলিম রেজা ও তার মেয়ে সেলিনা আক্তার মাল্টায় অবস্থানরত রাসেলের সাথে আলোচনা করেন। এরপর হুমায়ুন নিজের ও তার স্বজন সোহেল রানা, সুমন হোসেন, বিল্লাল হোসেন ও মশিউল আজমের পাসপোর্টসহ অন্যান্য কাগজপত্র আসামিদের কাছে হস্তান্তর করেন। চুক্তি অনুযায়ী ২০২১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন সময় আসামি সেলিম রেজা ও সেলিনা আক্তারের কাছে টাকা দেন হুমায়ুন। কিন্তু টাকা গ্রহণের পর দীর্ঘদিন পার হয়ে গেলেও আসামিরা উল্লিখিত ৫ জনকে বিদেশে পাঠাতে ব্যর্থ হন। তারা টাকা ফেরত দিতেও গড়িমসি করতে থাকেন। এক পর্যায়ে তারা টাকা ফেরত দিতে অস্বীকার করেন। যে কারণে আদালতের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগী হুমায়ুন।