যশোরে ২৭৯১ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন ৮৭ কোটি টাকা

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ উদ্যোগে যশোরের ২ হাজার ৭৯১ জন অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী তাদের কল্যাণ ও অবসর তহবিলের পাওনা অর্থ পেয়েছেন। শনিবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে একযোগে ‘আইবিএএস’ এর মাধ্যমে দেশের অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অ্যাকাউন্টে সরাসরি এ অর্থ প্রদান করা হয়।

যশোরে কল্যাণ এবং অবসর এই দুই তহবিল থেকে ২ হাজার ৭৯১ জন শিক্ষক-কর্মচারীর জন্য মোট ৮৭ কোটি ৮ লাখ ৭৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। এর মধ্যে কল্যাণ তহবিল থেকে ১ হাজার ৮২৫ জনকে ৪৩ কোটি ৬১ লাখ ৭৫ হাজার টাকা এবং অবসর তহবিল থেকে ৯৬৬ জনকে ৪৩ কোটি ৮৯ লাখ টাকা প্রদান করা হয়।

এ উপলক্ষে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ এবং যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান প্রমুখ।

অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “জাতি গঠনে মুখ্য ভূমিকা রাখা শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন বঞ্চনা ও বৈষম্যের শিকার হয়েছেন। তাদের এই বঞ্চনা ও বৈষম্য দূর করতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন।”

তিনি আরও বলেন, “শিক্ষকদের জীবনে সচ্ছলতা না থাকলে তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। সচ্ছলতা না থাকায় শিক্ষকতার পাশাপাশি তাদের ভিন্ন আয়ের পথ বেছে নিতে হতো না। এটি অনুধাবন করেই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষক-কর্মচারীদের সচ্ছল ও সম্মানজনক জীবন নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছেন।”