ঝিনাইদহে নদী থেকে ট্রাক হেলপারের ভাসমান মরদেহ উদ্ধার

0
ছবি: সংগৃহীত।

ঝিনাইদহ সংবাদদাতা ॥ ঝিনাইদহে রমজান আলী (৪৫) নামে এক ট্রাক হেলপারের অর্ধগলিত মরদেহ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার সদর উপজেলার বিষয়খালী বাজারসংলগ্ন বেগবতী নদী থেকে কচুরিপানার ভেতরে আটকে থাকা মরদেহ উদ্ধার করা হয়। গত চারদিন আগে রমজান আলী নিখোঁজ হয়েছিল।

রমজান আলী সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত মোদাচ্ছের আলীর ছেলে। তিনি ট্রাকের হেলপার হিসেবে কাজ করতেন। পরিবারের দাবি, রমজান মৃগী রোগে ভুগছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা জানান, গত চারদিন আগে রমজান আলী নিখোঁজ হন। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় বৃহস্পতিবার পরিবারের পক্ষ থেকে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

শনিবার সকালে বিষয়খালী বাজারের স্থানীয় কয়েকজন বাসিন্দা বেগবতী নদীতে কচুরিপানার মধ্যে একটি মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ শনাক্ত করেন স্বজনরা।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।