বাঘারপাড়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

0
ছবি: সংগৃহীত।

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা ॥ বাঘারপাড়ায় চার বছরেরও কম বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী যুবক হায়াতুল্লাহকে উত্তমমধ্যম দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। শনিবার বেলা ১২টার দিকে উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দশপাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, এদিন মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল ওই শিশু। এ সময় প্রতিবেশী যুবক হায়াতুল্লাহ (২০) শিশুটিকে আড়ালে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। শিশুটি বাড়িতে এসে কান্নাকাটি করলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন।

এরপর শিশুটিকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ধর্ষণের আলামত পরীক্ষার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন। এ সময় শিশুটি কান্নাকাটি করছিলো বলে জানায় পুলিশ।

এদিকে স্থানীয়রা ঘটনা জানতে পেরে অভিযুক্ত হায়াতুল্লাহকে আটক করে ধোলাই দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে এলাকাবাসী অভিযুক্ত যুবককে পুলিশের হাতে তুলে দেয়।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম জানিয়েছেন,অভিযুক্ত যুবককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে আনা হয়েছে। আলামত পরীক্ষার জন্য শিশুটিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।