যশোরে ১৫ দিন ধরে নিখোঁজ পুলিশ সদস্য

0
নিখোঁজ পুলিশ সদস্য আকতারুজ্জামান

চৌগাছা সংবাদদাতা ॥ যশোরের চৌগাছায় ছুটিতে এসে নিখোঁজ হয়েছেন আকতারুজ্জামান (৪৬) নামের এক পুলিশ সদস্য। কিন্তু ১৫ দিন পেরিয়ে গেলেও এখনও সন্ধান মেলেনি তার।

এ ঘটনায় তার স্ত্রী শাহিনা আক্তার শিমা চৌগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

নিখোঁজ আকতারুজ্জামান চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নের জামলতা গ্রামের মৃত আনিচুর রহমান বিশ্বাসের ছেলে। তিনি বাগেরহাট জেলার রামপাল থানায় কর্মরত ছিলেন।

নিখোঁজ পুলিশ সদস্যের স্ত্রী শাহিনা আক্তার অভিযোগপত্রে উল্লেখ করেন, তিনি তার তিন সন্তান নিয়ে চৌগাছা শহরের ইছাপুর গ্রামের বিল্লাল হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। তার স্বামী আকতারুজ্জামান গত ২৬ নভেম্বর পাঁচ দিনের ছুটি নিয়ে চৌগাছার ভাড়া বাসায় আসেন। এরপর ২৭ নভেম্বর সকালে তিনি মহেশপুর যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তিনি আর ফিরে আসেননি।তার ব্যবহৃত মোবাইল ফোনটি বাসায় রেখে যাওয়ায় তার সঙ্গে কোনও প্রকার যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

নিখোঁজ আকতারুজ্জামানের স্ত্রী শাহিনুর আক্তার ১৫ দিন ধরে স্বামীর সন্ধান না পেয়ে চরমভাবে ভেঙে পড়েছেন। তিনি বলেন, তিনটি কন্যা সন্তান নিয়ে এখন কোথায় যাবো কি করবো বুঝে উঠতে পারছি না। আমার মেয়েরা রাতদিন বাবাকে না পেয়ে কান্নাকাটি করছে।

এদিকে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, আমি এই থানায় যোগদান করেছি মাত্র দুই দিন হলও। নিখোঁজ পুলিশ সদস্যের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।