যশোরে ১৫ থেকে ১৯ জুন শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

0

স্টাফ রিপোর্টার ॥ আগামী ১৫ জুন হতে ১৯ জুন পর্যন্ত যশোরে ৬ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত ৩ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর ভেতর ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩৯ হাজার শিশুকে একটি করে ‘নীল’ রঙের এবং ২ লাখ ৮৭ হাজার ৫শ’ ২২ শিশুকে একটি করে ‘লাল’ রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
গতকাল যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সভাকক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক কর্মশালায় সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস এ তথ্য জানান।
তিনি বলেন, শিশুদের রাতকানা থেকে রক্ষা এবং স্বাভাবিকভাবে বেড়ে ওঠার জন্য তাদের শরীরে কিছু ভিটামিনের প্রয়োজন হয়। যা মানব দেহে তৈরি হয় না। এগুলো লাল ও সবুজ শাক, প্রাণির কলিজা, দুধ, ডিম প্রভৃতি থেকে পাওয়া যায়। কিন্তু সবাই সেভাবে খাওয়াতে পারেন না, বিধায় শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাইয়ে তা পূরণ করার চেষ্টা করা হয়ে থাকে।
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. নাজমুস সাদিক এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার অনুপম দাস এ তথ্যপত্র উপস্থাপন করেন। প্রতি বছরের ন্যায় যশোরে ৮ উপজেলায় ৮টি স্থায়ী কেন্দ্রে এবং ২ হাজার ২শ’ ৮০টি অস্থায়ী কেন্দ্রে ৪ হাজার ৫শ’ ৭৬ জন স্বেচ্ছাসেবক শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবেন। এর পাশাপাশি ৯২টি ইউনিয়নে ৯২ জন, ২শ’ ৮২টি ওয়ার্ডে ২শ’ ৮২ জন স্বাস্থ্যকর্মী ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কাজে নিয়োজিত থাকবেন। তবে, অন্যান্য বছরের ন্যায় এ বছর কর্মসূচির উদ্বোধন করা হবে না। সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।