চাঁদার দাবিতে মারপিট ও খুনের হুমকি, আতঙ্কে ব্যবসায়ী

0

লোকসমাজ ডেস্ক ॥ যশোরের কোতয়ালী থানাধীন ৫ নং কাশিমপুর ইউনিয়নের শ্যামনগর দক্ষিণপাড়ায় চাঁদার দাবিতে এক ব্যবসায়ীকে মারপিট, খুন ও দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

গত সোমবার (১৪ জুলাই) আনুমানিক বিকাল ৩:৩০ ঘটিকায় একই এলাকার ইউপি সদস্য মোঃ ইব্রাহিম (৪০) ও মোঃ ইন্দাদুল (৩৫), সহ ৫ থেকে ৬ জন ব্যবসায়ী আব্দুর রবের দোকানের সামনে এসে তাৎক্ষণিকভাবে চাঁদার ২ লক্ষ টাকা দাবি করেন।

এসময় আব্দুর রব টাকা দিতে অস্বীকার করলে ইউপি সদস্য ইব্রাহিম ও তার সন্ত্রাসী বাহিনী ওই ব্যবসায়ীকে খুন করার হুমকি দিয়ে মারপিট করার জন্য উদ্যত হলে আব্দুর রব নিজের ঘরে ঢুকে পড়েন। এসময় আসামিরা তার দোকানের শাটার ও ক্ল্যাপসিবল গেটে আঘাত করে এবং অকথ্য ভাষায় গালি-গালাজ করতে থাকে।

ভুক্তভোগী ব্যবসায়ী এ বিষয়ে কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এই ঘটনার পর আব্দুর রব এবং তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। আসামিদের ভয়ে তিনি আতঙ্কের মধ্যে আছেন এবং বাড়িতে ফিরতে সাহস পাচ্ছেন না।

ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ আব্দুর রব জানিয়েছেন, ঘটনাটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলেও কোনো সুফল না পাওয়ায় তিনি কোতয়ালী থানায় মোঃ ইব্রাহিমকে ১নং এবং মোঃ ইন্দাদুলকে ২নং আসামী করে অজ্ঞাত আরো ৫/৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তিনি বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আবেদন জানিয়েছেন।