শৌখিন চাষ থেকে সম্ভাবনার হাতছানি: যশোরের চৌগাছায় ভ্যানিলা বিনস চাষে চমক

0
যশোরের চৌগাছায় ভ্যানিলা বিনস চাষে সফলতা পেয়েছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য সরোয়ার হোসেন; ফল তুলে প্রক্রিয়াজাত শুরু করেছেন এবং বাণিজ্যিক চাষের ভাবনা রয়েছে।। ছবি: লোকসমাজ

মুকুরুল ইসলাম মিন্টু, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় জগত বিখ্যাত ফল ভ্যানিলা বিনসের চাষ হচ্ছে। যার কারিগর অবসরপ্রাপ্ত সেনা সদস্য সরোয়ার হোসেন। ভ্যানিলার কাটিং লাগানোর তিন বছরের মাথায় এবারই তিনি প্রায় ৮ থেকে ১০ কেজি ফল পেয়েছেন। প্রকার ভেদে এক কেজি ভ্যানিলা ১০ থেকে ৪০ হাজার টাকা কেজি দরে বিক্রি হয়।

উপজেলার জগদীশপুর ইউনিয়নের স্বর্পরাজপুর গ্রামের বাসিন্দা সরোয়ার হোসেন। সেনাবাহিনীতে চাকরি করার সুবাদে বেশ কয়েকটি দেশ তিনি ঘুরেছেন, বর্তমানে অবসরে আছেন। তিনি ইন্দোনেশিয়ায় থাকা অবস্থায় সেখান থেকে বেশ কিছু ভ্যানিলা বিনসের কাটিং নিয়ে আসেন। এরপর গ্রামে নিজের জমিতে সে গুলো লাগান। চারা বের হওয়ার পর শুরু করেন পরিচর্যা।

তিন বছর পর তার গাছ থেকে ফল দেয়া শুরু করেছে। প্রথম বছরেই তিনি ৮ থেকে ১০ কেজি ভ্যানিলা পাবেন। প্রতি কেজি ৩০ থেকে ৪০ হাজার টাকায় বিক্রি হবে। সম্প্রতি তিনি গাছ থেকে ভ্যানিলা উঠিয়ে প্রক্রিয়াজাত শুরু করেন।

সফল ভ্যানিলা চাষি সরোয়ার হোসেন বলেন, ভ্যানিলা অর্কিড পরিবারের একমাত্র ভোজ্য ফল। রান্না বেকিং ও সুগন্ধি তৈরীতে অত্যন্ত জনপ্রিয় এই ফল। আমাদের দেশে এই ফলের চাষ খুবই অপ্রতুল। চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও যশোরের আমিই একমাত্র ব্যক্তি যে ভ্যানিলার চাষ করে সফলতা পেয়েছি।

ভ্যানিলা যেহেতু সৌখিন চাষ যা সকলের পক্ষে চাষ করা কষ্টসাধ্য, তারপরও আমি বিশ্বস করি অন্য কৃষকও চেষ্টা করলে চাষ করতে পারবেন। যেহেতু আমাদের দেশের মাটিতে ভ্যানিলার চাষ হচ্ছে তাই এর চাষ যদি কেউ করেন তাহলে তিনি লাভবান হবেন।

সফল চাষি সরোয়ার হোসেন আরো বলেন, উষ্ণ ও আদ্র জলবায়ু ভ্যানিলা চাষের জন্য উপযোগী। সাধারণ ২১ থেকে ৩০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় চাষ ভালো হয়। গত বছরে অল্প কিছু ভ্যানিলা হয়েছিল কিন্ত এ বছর অনেক ফল হয়েছে। আমি ইতোমধ্যে গাছ থেকে ফল তুলেছি, এখন ধাপে ধাপে বেশ কয়েকটি কাজ শেষ করার পরই বাজারজাত শুরু হবে।

খুঁটি ও গাছের বেয়ে ওঠা লতানো ভ্যানিলা গাছে থোকায় থোকায় ঝুলছে কাঁচা বিনস ।। ছবি: লোকসমাজ

প্রক্রিয়াজাত করা ভ্যানিলা এ বি ও সি ক্যাটাগরিতে বিক্রি হয়। এ ক্যাটাগরির ১ কেজি ভ্যানিলা ৩০ থেকে ৪০ হাজার টাকা, বি ক্যাটাগরির ভ্যানিলা ২০ থেকে ৩০ এবং সি ক্যাটাগরি ভ্যানিলার কেজি হচ্ছে ৮ থেকে ১০ হাজার টাকা। আমি যে সকল ভ্যানিলা উৎপাদন করেছি তা সবাই এ ক্যাটাগরির। ভ্যানিলা চাষি সরোয়ার হোসেনকে অনুসরণ করে এলাকার অনেক কৃষক নতুন এই ফল চাষে আগ্রহী হয়ে উঠেছেন।

তথ্য সূত্রে জানা গেছে, ভ্যানিলা বিনের আদি উৎপত্তি স্থল হচ্ছে মেক্সিকোতে। তবে বর্তমানে ৮০ শতাংশ ভ্যানিলার চাষ হচ্ছে মাদাগাস্কার ও ইন্দোনেশিয়া। ফলটি মুলত কড়া রোদের বদলে ৫০ থেকে ৬০ শতাংশ ছায়াযুক্ত পরিবেশে ভালো হয়।

এর আদি ইতিহাস হচ্ছে প্রাচীন মেক্সিকোর তোতোনাক নামক আদিবাসীরা সর্বপ্রথম ভ্যানিলা অর্কিড থেকে এই সুগন্ধি বিন সংগ্রহ ও ব্যবহার শুরু করেন। পরবর্তীতে অ্যাজটেক সাম্রাজ্য এটি গ্রহণ করে এবং তাদের কোকো পানীয়ের (চকলেট) সাথে মিশিয়ে পান করা শুরু করেন।

বিশ্ববিখ্যাত ফল যেহেতু বাংলাদেশের মাটিতে চাষ হচ্ছে তাই এর ব্যাপক চাষাবাদ শুরু করা দরকার। এরফলে কৃষক যেমন আর্থিক ভাবে লাভবান হবেন তেমনি দেশও অর্থনীতিতে এগিয়ে যাবে এমনই মনে করছেন সচেতন মহল।

উপজেলা কৃষি অফিসার মুসাব্বির হুসাইন বলেন, ভ্যানিলা বিনের চাষ আমাদের যশোরের মধ্যে প্রথমই সরোয়ার হোসেন করেছেন। অত্যান্ত দামি এই ফল। আমি নিজে বেশ কয়েকবার তার ক্ষেতে গেছি। যেহেতু দেশের মাটিতে এর চাষ হচ্ছে তাই এটি কি ভাবে বানিজ্যিক ভাবে চাষ শুরু করা যায় সে বিষয়ে আমরা ভাবছি। নতুন নতুন চাষাবাদে চৌগাছার কৃষকরা যে এগিয়ে তার আর একটি উদাহরণ সরোয়ার হোসেন।