গড়াই সেতুর কাজ কবে শেষ হবে, ভোগান্তিতে দুই পাড়ের মানুষ

0
চার দফায় সময় বাড়িয়েও গড়াই সেতুর কাজ শেষ হয়নি; জমি অধিগ্রহণ জটিলতা ও মজুরি বকেয়ায় ভোগান্তিতে দুই পাড়ের মানুষ, ২০২৭ সালের জুনে শেষের আশাবাদ এলজিইডির।। ছবি: লোকসমাজ

মফিজুল ইসলাম, শৈলকুপা (ঝিনাইদহ)॥ ঝিনাইদহের শৈলকুপা ও রাজবাড়ীর পাংশা উপজেলার লাঙ্গলবাঁধ – নাদুরিয়া ঘাটে গড়াই নদীর ওপর ৬৩ কোটি ৯১ লাখ৬৮ হাজার ১৭০ টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর কাজ কবে শেষ হবে জানেনা সেতুর দুই পরের মানুষ।

৪ দফায় সময় বাড়িয়েও ৬৫০ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণকাজ সম্পন্ন করা যায়নি। সেতুটি তিন উপজেলার ত্রিশীমান্তে নির্মান হলেও সেতু নির্মান কাজের দায়িত্বে রয়েছে এলজিইডি রাজবাড়ী। সেতুটি দ্রুত নির্মান না হওয়ায় নদীর দুই পাড়ের বাসিন্দা, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সেতুটি চালু হলে রাজবাড়ী, মাগুরা ও ঝিনাইদহ জেলার মধ্যে যোগাযোগব্যবস্থা সহজ হবে। পাশাপাশি স্থানীয় মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনে ভোগান্তি কমবে। এ ছাড়া মাগুরা ও ঝিনাইদহ জেলা থেকে ঢাকায় সড়কপথে যাতায়াতের দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার কমে আসবে বলে আশা করছেন এলাকাবাসী।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৩ জুন সেতুটির নির্মাণকাজ শুরু হয়। ২০২৩ সালের ৩ জুনের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় তিন দফায় সময় বাড়ানো হয়।

সর্বশেষ গত ১০ অক্টোবর বর্ধিত সময়সীমা শেষ হলেও সেতুটির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে মাত্র ৭৫ শতাংশ। অসমাপ্ত কাজ কবে নাগাদ শেষ হবে, সে বিষয়ে রাজবাড়ী এলজিইডি কার্যালয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই।

সম্প্রতি নির্মাণ এলাকা ঘুরে দেখা যায়, সেতুটির চারটি স্প্যান ও দুটি গার্ডার স্থাপন করা বাকি রয়েছে। রাজবাড়ী প্রান্তে মাত্র ৪/৫জন শ্রমিককে কাজ করতে দেখা যায়। শ্রমিকসংকটের কারণে নির্মাণকাজের গতি কমে গেছে বলে জানা গেছে।

নাদুরিয়া গ্রামের শিক্ষার্থী মো. আবদুল্লাহকে প্রতিদিন নৌকায় গড়াই নদী পার হয়ে মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ উচ্চবিদ্যালয়ে যেতে হয়। সেতু নির্মাণের আশায় বিদ্যালয়ে ভর্তি হয়েছিল সে। আবদুল্লাহ জানায়, সেতু চালু হলে বাড়ি থেকে বিদ্যালয়ে যেতে মাত্র ১০ মিনিট সময় লাগবে বলে ভেবেছিল সে। কিন্তু তার স্কুলজীবন প্রায় শেষের দিকে চলে এলেও সেতুটির নির্মাণকাজ আজও শেষ হয়নি।

শৈলকুপার মালিথিয়া (লাঙ্গলবাঁধ) আদিল উদ্দিন ডিগ্রি কলেজের প্রভাষক সেলিম মোল্লা জানান,রাজবাড়ীর পাংশা ও কালুখালি উপজেলার কয়েকটি গ্রাম থেকে প্রায় শতাধিক শিক্ষার্থী তারা লেখা পড়া করতে আসে। নদী পারাপারের সমস্যার কারণে তারা নিয়মিত ক্লাস করতে পারে না। সেতুটি চালু হলে শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে এবং কলেজ টিতে শিক্ষার্থীর সংখ্যাও বাড়বে।

এদিকে সেতু পরিদর্শনে এসে আইনবিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আছাদুজ্জামান, অর্থ পরিকল্পনা উপদেষ্টা সংসদ সদস্য মোঃ হারুনের উপস্থিতিতে ঠিকাদার প্রতিষ্ঠানকে সেতুর নির্মাণ কাজ গত ৭ই নভেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিল। কিন্তু কাজের কোন অগ্রগতি হয়নি।

নির্মাণকাজে নিয়োজিত শ্রমিক পিকুল হোসেনের দাবি, নিয়মিত মজুরি না পাওয়ায় ১৫ জন শ্রমিকের মধ্যে ১২ জন কাজ ছেড়ে চলে গেছেন। বর্তমানে কর্মরত শ্রমিকেরাও গত চার মাস ধরে মজুরি পাননি বলে জানান তিনি।
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি আবদুল হামিদ বলেন, “সেতুটির নির্মাণকাজ শেষ করতে আরও এক বছর সময় লাগবে। এ জন্য সময় বাড়ানোর আবেদন করা হয়েছে।”

এই ব্যাপারে রাজবাড়ী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদ হাসান জানান, “সংযোগ সড়কের জন্য সেতুর দুই পাশের উপজেলার জমি অধিগ্রহণ নিয়ে জটিলতার কারণে নির্মাণকাজের গতি কমেছে। তবে জমি অধিগ্রহণের অনুমোদন পাওয়া গেছে। ক্ষতিপূরণের অর্থ পরিশোধের পর সংযোগ সড়কের কাজ শুরু করা যাবে। আগামী ২০২৭সালের জুন মাসে সেতুর নির্মান কাজ শেষ করার আশাবাদ ব্যক্ত করেন।

সেতুটি চালু হলে ঝিনাইদহ, মাগুড়া ও রাজবাড়ি জেলার মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি পণ্য পরিবহনেও সময় ও খরচ কমবে। তাই দীর্ঘদিন ধরে নির্মাণাধীন সেতুটির কাজ দ্রুত শেষ করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।