যশোরে স্কুল ক্রিকেটের ২য় সেমিফাইনালে সম্মিলনী ইনস্টিটিউশনের শোচনীয় পরাজয়

0

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার যশোর জেলা পর্যায়ের খেলায় চরম শোচনীয় পরাজয়ের মধ্য দিয়ে শিরোপা জয়ের লড়াই থেকে ছিটকে পড়লো সম্মিলনী ইনস্টিটিউশন। গতকাল মঙ্গলবার যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনাল খেলায় প্রতিপক্ষ শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজের বোলাদের কাছে সম্মিলনী ইনস্টিটিউশনের ব্যাটাররা চরম বিধ্বস্ত হন। প্রথমে টসে জিতে তারা ব্যাট করতে নেমে প্রতিপক্ষ্যের বিধ্বংসী বোলিংয়ে ১৩ ওভার ২ বলে মাত্র ৩০ রানে তাদের ইনিংস গুটিয়ে ফেলে। দলের ১১ জনের ব্যাট থেকে আসে ১৪ রান এবং অতিরিক্ত থেকে আসে ১৬ রান। দলের কোন ব্যাটসম্যানই দুই অংকের রান সংগ্রহ করতে পারেন নি। বল হাতে শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজের রাহুল হোসেন একাই প্রতিপক্ষ্যের ৫ জন ব্যাটসম্যান কে সাজ ঘরে ফেরান। এছাড়া জিসান আলম ৩ টি এবং রোহান পারভেজ ও আজিজুল হাকিম ১ টি করে উইকেট লাভ করেন। জয়ের জন্য শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজ ৩১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৩ ওভার ৫ বলে ১ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দলের পক্ষে ব্যাট হাতে আজিজুল হাকিম সর্বোচ্চ ২০ রান সংগ্রহ করেন। আগামীকাল বৃহস্পতিবার একই ভেন্যুতে কালেক্টরেট স্কুল বনাম শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজের মধ্যকার প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।