যশোরে সোনা চোরাচালানীর যাবজ্জীবন কারাদণ্ড

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে সোনা পাচারের মামলায় রোববার বাবুল হোসেন ওরফে বাবলু ওরফে হাবিবুর রহমান বাবলু নামে একজন চোরাচালানীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ৫০ হাজার টাকা অর্থদন্ড দেয় হয়েছে। সিনিয়র দায়রা জজ ও স্পেশাল ট্রাইবুন্যাল-১ এর বিচারক মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক এ রায় প্রদান করেন। পাবলিক প্রসিকিউটর এম ইদ্রিস আলী এ তথ্য নিশ্চিত করেছেন। দন্ডপ্রাপ্ত হাবিবুর রহমান বাবলু শার্শা উপজেলার পুটখালী উত্তরপাড়ার মৃত ইবাদুল হকের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৫ জুন সকালে নায়েক মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে বিজিবি’র একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী জেলেপাড়ায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে বাইসাইকেল আরোহী হাবিবুর রহমান বাবলুকে আটক করেন বিজিবি সদস্যরা। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে স্কচটেপ দিয়ে মোড়ানো সোনার ১০টি বার উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজিবি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি এর ১(এ) ধারায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করে। এ মামলায় হাবিবুর রহমান বাবলু সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হওয়ায় বিচারক তাকে উল্লিখিত দন্ড প্রদান করেন।