যশোরে শীর্ষ সন্ত্রাসী ও সাবেক ছাত্রলীগ নেতা ‘দাঁতাল বাবু’ সহযোগীসহ গ্রেপ্তার

0
যশোরে ডিবি ও ফাঁড়ি পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার হয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি সাইদুজ্জামান বাবু ওরফে 'দাঁতাল বাবু' এবং তাঁর সহযোগী রতন।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে পুলিশের একাধিক টিম ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযানে গ্রেপ্তার হয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও শহরের শীর্ষ সন্ত্রাসী সাইদুজ্জামান বাবু ওরফে ‘দাঁতাল বাবু’ (৪৬)। একই অভিযানে তাঁর সহযোগী রতনকেও (৪৫) আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) রাত আনুমানিক রাত ১টার দিকে যশোর কোতোয়ালি থানাধীন ঝুমঝুমপুর এলাকায় একটি বিশেষ চেকপোস্ট বসিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। উপশহর ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) অলোক কুমার দে পিপিএম-এর নেতৃত্বে ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) হাদিউজ্জামানসহ জেলা গোয়েন্দা শাখা ও যৌথ বাহিনীর ফোর্স এই অভিযান পরিচালনা করেন।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, আটক সাইদুজ্জামান বাবু ওরফে দাঁতাল বাবু যশোর শহরের আরবপুর বিমানবন্দর সড়ক এলাকার মৃত হাসেম আলীর ছেলে। তিনি যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং আরবপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে। অপর আটক আসামি রতন পুরাতন কসবা কাজী পাড়া (কাঁঠালতলা) এলাকার মোরশেদ ইমাম বকুলের ছেলে।

ডিবি পুলিশের এসআই মো. হাদিজ্জামান জানান, শহরজুড়ে অপরাধ দমন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার অংশ হিসেবে পরিচালিত অভিযানে তাঁদের আটক করে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।