যশোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হৃদয়ও মারা গেলেন সিঙ্গাপুরে

0

স্টাফ রিপোর্টার॥ যশোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার ১৭ দিন পর আহত স্বজন ফায়াদ হৃদয় (২৮) সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল সোমবার বাংলাদেশ সময় সকাল ১১টায় তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় আহত হওয়ার পর প্রথমে তাকে যশোর থেকে ঢাকার একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্যে এক সপ্তাহ আগে সিঙ্গাপুরের একটি হাসপাতালে নেয়া হয়। গতকাল সোমবার ওই হাসপাতালে তার শরীরে অস্ত্রপচারের কথা ছিল। কিন্তু অস্ত্রপচারের আগেই প্রেসার বেড়ে গিয়ে তার মৃত্যু হয়। গত ১৭ জানুয়ভরি শুক্রবার দিবাগত রাত ১টায় শহরের পূরাতন কসবা শহীদ মসিয়ূর রহমান সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এতে যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কেলজের শিক্ষার্থী তনিমা ইয়াসমিন পিয়াসা (২৫) তার বড় বোন তানজিলা ইয়াসমিন পিয়াসা (২৮) ও খালাতো ভাই মনজুর হোসেনের স্ত্রী আফরোজা তাবাসসুম তিথি (২৬) নিহত হন। ফায়াদ হৃদয় ছিলেন নিহত তনিমা ইয়াসমিন পিয়াসার (২৫) স্বামী শহরের লোন অফিসপাড়ার শফিকুল ইসলাম জ্যোতির বন্ধু ও নিকট আত্মীয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তার শোকাহত স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।