যশোরে বিচারককে হুমকির ঘটনায় আইনজীবীসহ গ্রেফতার ৩

0

মীর মঈন হোসেন মুসা ॥ যশোরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) হুমকি দিয়ে উড়োচিঠি পাঠিয়েছিলেন আইনজীবী নব কুমার কুন্ডু। সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামিদের মক্কেল বানাতে না পেরে তাদের ক্ষতিগ্রস্ত করতে চরমপন্থি পরিচয়ে তিনি ডাকঘরের মাধ্যমে এই উড়োচিঠি পাঠান।
ডিবি পুলিশ ওই ঘটনায় হুমকিদাতা আইনজীবী নব কুমার কুন্ডুসহ ৩ জনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে কোতয়ালি থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। ডিবি পুলিশের এসআই মো. মফিজুল ইসলাম মামলাটি করেছেন।
আটকরা হলেন বাঘারপাড়া উপজেলার বল্লামুখ গ্রামের মৃত কৃষ্ণ হরিকুন্ডুর ছেলে যশোর শহরের পুরাতন কসবার সাবেক পৌর কাউন্সিলর হাবিবুর রহমান চাকলাদার মনির বাড়ির ভাড়াটিয়া আইনজীবী নব কুমার কুন্ডু, কাজীপাড়ার জালাল উদ্দিনের ছেলে রবিউল ইসলাম রুবেল ও ষষ্ঠীতলা এলাকার মৃত সুরেন্দ্রনাথ সাহার ছেলে মিহির কুমার সাহা।
ডিবি পুলিশের এসআই মো. মফিজুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তারা বিচারককে হুমকি দিয়ে উড়োচিঠি পাঠানোর সাথে জড়িতদের শনাক্ত এবং আটকের জন্যে মাঠে নামেন। যশোর প্রধান ডাকঘরের সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন হিসেবে রুবেল নামে একজনকে শনাক্ত করেন। পরে তথ্য প্রযুক্তির সাহায্যে বুধবার দিবাগত রাতে কাজীপাড়া থেকে তাকে আটক করেন। আটকের পর রুবেল ডাকঘরে গিয়ে চিঠি পোস্ট করার কথা স্বীকার করেন। তিনি ডিবি পুলিশকে জানান যে, আইনজীবী নব কুমার কুন্ডু ওই চিঠি পোস্ট করে দেওয়ার জন্যে তাকে গত ২৮ জানুয়ারি ডাকঘরে পাঠিয়েছিলেন। নব কুমার কুন্ডু তার পূর্ব পরিচিত। পরবর্তীতে তার দেওয়া স্বীকারোক্তিতে আইনজীবী নব কুমার কুন্ডুকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নব কুমার কুন্ডু বিপ্লবী কমিউনিস্ট পার্টির কথিত সদস্য মো. নজরুল ইসলাম পরিচয়ে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) উড়োচিঠি পাঠানোর কথা স্বীকার করেন। নব কুমার কুন্ডুকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সংঘবদ্ধ ধর্ষণের একটি মামলার ৩ আসামি কারাগারে আটক রয়েছেন। আসামিপক্ষ তার কাছে গিয়েছিলেন ওই ৩ জনের জামিনের বিষয়ে আইনগত সহায়তা পাওয়ার জন্যে। কিন্তু পরবর্তীতে আসামিপক্ষ আর আসেনি। তারা চিরন্তন মল্লিক নামে অন্য একজন আইনজীবীকে নিয়োগ করেন। এ কারণে তিনি ক্ষুব্ধ হয়ে তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে চরমপন্থি পরিচয়ে বিচারককে উড়োচিঠি পাঠান নব কুমার কুন্ডু। তিনি সিভিল কোর্ট মোড় এলাকার ভাই ভাই ফটোস্ট্যাস্ট ও কম্পিউটরের দোকান থেকে ওই চিঠি কম্পিউটার কম্পোজ করেছিলেন। ডিবি পুুলিশের ওই কর্মকর্তা আরও জানান, ভাই ভাই ফটোস্ট্যাটের দোকানের কম্পিউটর অপারেটর মিহির কুমার সাহাকে আটক এবং বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ওই দোকান থেকে সিপিইউ ও হার্ডডিস্ক জব্দ করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মো. আব্দুল্লাহ আল-মামুন জানান, আইনজীবী নব কুমার কুন্ডুসহ আটক ৩ জনকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদ তাদের জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
বিচারকের উদ্দেশ্যে পাঠানো উড়োচিঠিতে ওই মামলার কথা উল্লেখ করে লেখা হয়,‘আপনাকে বিশেষভাবে অনুরোধ করিতেছি যে, সকল আসামিকে জামিন দিবেন। অন্যথায় আপনার জীবনের শেষ করে দেওয়া হবে।’
এদিকে যশোর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহীনুর রহমান জানান, নব কুমার কুন্ডুর বিরুদ্ধে অপরাধমূলক কর্মকা-ের অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে সমিতির গঠনতন্ত্র অনুয়ায়ী পদক্ষেপ নেওয়া হবে।