যশোরে প্রাইভেটকার থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোর-নড়াইল সড়কের হামিদপুর ময়লাখানার সামনে একটি প্রাইভেটকার থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত শনিবার রাতের এই অভিযানে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন বেনাপোল পোর্ট থানার দক্ষিণ বারোপোতা গ্রামের নূর মোহাম্মদের ছেলে রনি মাহমুদ (৩৫) ও শার্শা থানার শ্যামলাগাছি গ্রামের আতিয়ার রহমানের ছেলে আলমগীর হোসেন (৩৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিদর্শক মদন মোহন সাহা জানান, গোপন খবরের ভিত্তিতে শনিবার রাত পৌনে ১০টার দিকে হামিদপুর ময়লাখানার সামনে অবস্থান নেয় তাদের একটি দল। এ সময় যশোরমুখী একটি টয়োটা এক্স করোলা প্রাইভেটকার থামিয়ে ভেতরে তল্লাশি চালানো হয়।

একপর্যায়ে কারটির ড্যাশবোর্ড এবং দুই পাশের রানিং বোর্ড কেটে লুকিয়ে রাখা ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে গাড়িতে থাকা রনি ও আলমগীরকে আটক করা হয়।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যশোর কোতয়ালি থানায় একটি মামলা করা হয়েছে।