যশোরে প্রতিবেশী নারীকে ধর্ষণ চেষ্টা মামলার আসামি শাকিল আটক

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার বসুন্দিয়ায় প্রতিবেশী এক নারীকে ধর্ষণ চেষ্টা মামলার আসামি হাসিবুল হাসান শাকিলকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার তাকে আটক করার পর বুধবার আদালতে সোপর্দ করা হয়।

এ সময় আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আটক হাসিবুল হাসান শাকিল বসুন্দিয়া পুরাতন বাজার এলাকার শেখ জাহাঙ্গীরের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, শাকিল লম্পট প্রকৃতির বলে এলাকায় প্রচার রয়েছে। তিনি প্রতিবেশী এক নারীকে ভাবি বলে ডাকতেন এবং বিভিন্নভাবে তার সাথে ঘনিষ্ট হওয়ার চেষ্টা করতেন। বিষয়টি ওই নারী তাকে নিষেধ করলেও শাকিল নিবৃত হননি। এক পর্যায়ে শাকিল তাকে কুপ্রস্তাব দেন। পরে বিষয়টি ভুক্তভোগী নারী তার স্বামীকে জানান। এতে ক্ষিপ্ত হয়ে আরো বেপরোয়া হয়ে পড়েন শাকিল। ২০২৫ সালের ১১ জুন বিকেলে শাকিল ওই নারীর বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা চালান। তখন ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে শাকিল ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগী নারী যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শাকিলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই শাকিল পলাতক ছিলেন।

পরে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর প্রেক্ষিতে মঙ্গলবার অভিযান চালিয়ে পুলিশ আসামি শাকিলকে আটক করে।