যশোরে পুলিশে চাকরি দেওয়ার নামে সাড়ে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরে পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে সাড়ে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বুধবার জামির হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সদর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের হামিদ মোল্যার ছেলে জাহাঙ্গীর হোসেন মামলাটি করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মঞ্জুরুল ইসলাম অভিযোগ আমলে নিয়ে আসামির প্রতি সমন ইস্যুর আদেশ দিয়েছেন। একই সাথে আগামী ১৯ সেপ্টেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। আসামি জামির হোসেন বাঘারপাড়া উপজেলার গলগলিয়া গ্রামের মৃত নিকমল মোল্যার ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, আসামি জামির হোসেন সরকারি চাকরিজীবী। তিনি মামলার বাদী জাহাঙ্গীর হোসেনের পূর্ব পরিচিত। এরই সূত্র ধরে জামির হোসেন তাকে জানান যে, বিভিন্ন অফিসে লোক নিয়োগ নেয়া হবে। অনেক অফিসারের সাথে তার জানাশোনা আছে। জাহাঙ্গীর হোসেন যদি তার ছেলে আব্দুল্লাহ আল মাসুদকে সরকারি চাকরিতে ঢুকাইতে চান তাহলে জামির হোসেন ব্যবস্থা করে দিতে পারবেন। এ জন্য ৭ লাখ টাকা দিতে হবে। এক পর্যায়ে ২০২১ সালের ১৯ জানুয়ারি জাহাঙ্গীর হোসেন ছেলের চাকরির জন্য জামির হোসেনকে ২ লাখ টাকা প্রদান করেন। বলা হয়, আগামী ৪ মাসের মধ্যে জাহাঙ্গীর হোসেনের ছেলে মিশনকে সরকারি চাকরি পাইয়ে দিবেন জামির হোসেন। এরপর একই বছরের ২৫ ফেব্রুয়ারি ৩শ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে লিখিতভাবে জামির হোসেন অঙ্গীকার করেন, ১৫ এপ্রিলের মধ্যে আব্দুল্লাহ আল মাসুদকে পুলিশে চাকরি পাইয়ে দিবেন। এ জন্য মোট ৮ লাখ টাকা দিতে হবে। এ জন্য জামির হোসেন দ্বিতীয় দফায় জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে আরও সাড়ে ৩ লাখ টাকা গ্রহণ করেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে আব্দুল্লাহ আল মাসুদকে পুলিশে চাকরি পাইয়ে দিতে ব্যর্থ হন জামির হোসেন। এ কারণে তাকে দেওয়া সাড়ে ৫ লাখ টাকা ফেরত চান জাঙ্গাহীর হোসেন। কিন্তু টালবাহনার এক পর্যায়ে জামির হোসেন টাকা ফেরত দিতে অস্বীকার করেন। এ কারণে কোনো উপায় না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন জাহাঙ্গীর হোসেন।