যশোরে নিষিদ্ধ ছাত্রলীগের জেলা নেতা রিফাতসহ আটক ২

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রিফাতুজ্জামান রিফাত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী আজাদ ওরফে বোমারু আজাদকে আটক করেছে ডিবি পুলিশ। সরকার বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত অভিযোগে তাদেরকে আটক করা হয়।

সোমবার তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

আটকরা হলেন, সদর উপজেলার বলাডাঙ্গা কাজীপুর এলাকার ইন্তাজ আলীর ছেলে রিফাতুজ্জামান রিফাত ও চাঁচড়া ইউনিয়নের ভাতুড়িয়া গ্রামের আয়ুব আলী মোড়লের ছেলে আজাদ ওরফে বোমারু আজাদ।

কোতয়ালি থানা পুলিশের এসআই জিএম ইমরান হোসাইন রাজু জানান, সোমবার সকালে ডিবি পুলিশ আলাদা অভিযান চালিয়ে রিফাতুজ্জামান রিফাতকে বলাডাঙ্গা কাজীপুর থেকে এবং আজাদ ওরফে বোমারু আজাদকে চাঁচড়া চেকপোস্ট এলাকা থেকে আটক করে। পরে তাদেরকে কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়। এদের মধ্যে আজাদ ওরফে বোমারু আজাদের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে।

তিনি জানান, আটক দুই জনই সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলার সন্দেহভাজন আসামি। সোমবার বিকেলে তাদেরকে এই মামলায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।