যশোরে নারীসহ ৫ জনকে আটক, মাদকদ্রব্য জব্দ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল ও গাঁজা জব্দ করেছেন ডিবি পুলিশ ও র‌্যাব সদস্যরা। এ ঘটনায় নারীসহ ৫ জনকে আটক করা হয়েছে। ডিবি পুলিশ জানায়, গত শনিবার বিকেল চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের ইনসপেক্টর শেখ শাহিনুর রহমানের নেতৃত্বে একটি টিম শার্শা উপজেলার নাভারন কলেজের সামনে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১০ বোতল ফেনসিডিলসহ রহিলা খাতুন (৫৫) নামে এক নারীকে আটক করা হয়। রহিলা খাতুন শার্শা উপজেলার পুটখালী গ্রামের ছবদার আলীর স্ত্রী। সন্ধ্যা ছয়টার দিকে একই টিমের সদস্যরা শার্শা উপজেলার বাগআঁচড়াস্থ ময়ূরী সিনেমা হলের উত্তর পাশে অভিযান চালিয়ে ২শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে আটক করেন। এরা হলেন, উপজেলার বাগুড়ী মাঠপাড়ার মৃত মনিরুজ্জামানের ছেলে মুনসুর আলী (৩০) ও মৃত রুস্তম আলীর ছেলে বাবু হোসেন (৩১)। এরপর রাত পৌনে নয়টার দিকে ডিবি পুলিশের ওই টিমের সদস্যরা একই উপজেলার রাড়ীপুকুর ময়নার বটতলার তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালান। এ সময় সেখান থেকে দেড় কেজি গাঁজাসহ আমজেদ সরদার (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি রাড়ীপুকুর এলাকার পঞ্চাই সরদারের ছেলে। এদিকে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত শনিবার রাত সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি টিম চৌগাছা উপজেলার মুলিখালীস্থ বেড়গোবিন্দপুর বাঁওড়ের পাশে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ বিপ্লব বিশ্বাস (৩৫) নামে এক যুবককে আটক করা হয়। আটক বিপ্লব বিশ্বাস উপজেলার জিওলগাড়ি গ্রামের মৃত আব্দুর সামাদ বিশ্বাসের ছেলে।