যশোরে তানভীর হত্যা মামলার আসামি মুসা বোমা ও ম্যাগজিনসহ আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার তানভীর হত্যা মামলার অন্যতম আসামি সন্ত্রাসী রাব্বি ইসলাম মুসাকে (৩০) আটক করেছেন র‌্যাব সদস্যরা। গত মঙ্গলবার গভীর রাতে নাজির শংকরপুর আইটি পার্ক এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রাব্বি ইসলাম মুসা শংকরপুর জমাদ্দার পাড়ার হাফিজুর রহমানের ছেলে। পরে তার স্বীকারোক্তিতে ৫টি হাতবোমা ও পিস্তলের ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হক জানান, গত ৬ ডিসেম্বর রাতে বেজপাড়া আনসার ক্যাম্প এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হন তানভীর নামে এক যুবক।

এ মামলার অন্যতম আসামি মুসা। গত মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আইটি পার্ক এলাকায় অভিযান চালিয়ে আসামি মুসাকে আটক করেন। পরে তার স্বীকারোক্তিতে শংকরপুর জমাদ্দার পাড়ার জনৈক শাহিনের বাড়ি সংলগ্ন ডোবার পাশের ময়লার স্তুপের ভেতর থেকে ৫টি হাতবোমা ও পিস্তলের ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়।

তিনি জানান, আটক মুসা ১টি হত্যা, ২টি হত্যার চেষ্টা, ২টি ধর্ষণ মামলাসহ ১০ মামলার আসামি। আটকের পর তাকে কোতয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, আটক তানভীর হত্যা মামলার আসামি মুসাকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।