যশোরে ডিবি পুলিশের বিশেষ অভিযান: আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, মোটরসাইকেল উদ্ধার

0
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের বিশেষ অভিযানে গ্রেফতারকৃত আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্য ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ যশোরের চাঁচড়া মোড় থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে নেমে আন্তঃজেলা চোর চক্রের মূল হোতাসহ ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় চক্রের হেফাজত থেকে একটি চোরাই সুজুকী জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার ও আজ শনিবার বাগেরহাট, খুলনা ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ৫ ডিসেম্বর চাঁচড়া চেকপোস্ট এলাকার হাজী ইয়াকুব আলী মার্কেটের পার্কিং থেকে চঞ্চল হোসেন নামে এক ব্যক্তির ইয়ামাহা এফজেড মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা হওয়ার পর ডিবি পুলিশের একটি চৌকস টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় তদন্তে নামে। প্রথমে বাগেরহাটের মোড়লগঞ্জ থেকে কুদরত মোল্লাকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যে খুলনা থেকে মূল চোর অহিদুল শেখ ও তার সহযোগী লিটন শেখকে গ্রেফতার করা হলে বেরিয়ে আসে বড় এই চক্রের নেটওয়ার্ক। সবশেষ আজ গোপালগঞ্জের মধুমতি টোল প্লাজা এলাকা থেকে আরও দুই সদস্য লিটন মিয়া ও প্রান্ত মিয়াকে গ্রেফতার করে ডিবি।

গ্রেফতারকৃতদের রেকর্ড বিশ্লেষণ করে দেখা গেছে, অহিদুল শেখের বিরুদ্ধে ১১টি এবং লিটন শেখের বিরুদ্ধে ১৫টি চুরি ও মাদকের মামলা রয়েছে। এছাড়া কুদরত ও লিটন মিয়ার বিরুদ্ধেও একাধিক মোটরসাইকেল চুরির মামলা রয়েছে। ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা পেশাদার মোটরসাইকেল চোর এবং ক্রয়-বিক্রয় চক্রের সক্রিয় সদস্য। উদ্ধারকৃত মোটরসাইকেলসহ আসামিদের আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।