যশোরে চাঁদা দাবিতে গুলি করে হত্যার চেষ্টা ও বোমাবর্ষণের অভিযোগে মামলা

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরতলীর খোলাডাঙ্গায় চাঁদার দাবিতে রবিউল ইসলাম সাগর নামে এক যুবককে গুলি করে হত্যার চেষ্টা ও বোমাবর্ষণের অভিযোগে আদালতে মামলা হয়েছে। রোববার ৮ জনকে আসামি করে মামলাটি করেছেন রবিউল ইসলাম সাগরের স্ত্রী শিরিনা খাতুন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য কোতয়ালি থানা পুলিশের ওসিকে আদেশ দিয়েছেন।
আসামিরা হলেন-শহরতলীর খোলাডাঙ্গার মৃত দেওয়ানের ছেলে শাহাজালাল ওরফে লাদেন বাবু, শাহিন দেওয়ান, মৃত মফিজুর রহমানের ছেলে আশরাফুর রহমান আশা, লুৎফর রহমানের ছেলে ইমরান, হিজলা মিন্টুর ছেলে প্রান্ত, টিটোর ছেলে শাওন, মৃত জাহিদ মির্জার ছেলে জাহিন মির্জা ও শহরের খড়কি স্টেডিয়ামপাড়ার বাবলুর ছেলে ভাগ্নে সাগর। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৬/৭ জনকে আসামি করা হয়েছে।
শিরিনা খাতুনের অভিযোগ, তার স্বামী সাগর মাছের ব্যবসার সাথে জড়িত। দুটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন। উল্লিখিত আসামিরা দীর্ঘদিন ধরে পুকুর দুটি অন্যায়ভাবে দখলের চেষ্টা এবং সাগরের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। চাঁদা দিতে অস্বীকার করায় গত ৫ আগস্ট বিকেল পাঁচটার দিকে আসামিরা পিস্তল, শটগান, পাইপগান, বোমা ও ধারালো অস্ত্র নিয়ে খোলাডাঙ্গা ব্র্যাক অফিসের পেছনে অবস্থানরত সাগরের ওপর চড়াও হন। তারা এ সময় তাকে এলোপাতাড়ি মারধর করেন। এরই এক পর্যায়ে আসামি আশা পিস্তল দিয়ে গুলিবর্ষণ করলে লক্ষ্যভ্রষ্ট হয়ে সাগরের বাম হাতের কনুইতে লাগে। রক্তাক্ত জখম হওয়ার পর সাগর মাটিতে লুটিয়ে পড়লে আসামিরা তার কাছে থাকা মাছ বিক্রির ৫০ হাজার টাকা ছিনিয়ে নেন। এ সময় সাগরের আর্তচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামিরা বোমাবর্ষণ করতে করতে পালিয়ে যান। সেই সাথে হুমকি দিয়ে যান যে, সুযোগ পেলে তারা সাগর ও তার পরিবারের সদস্যদের খুনের পর লাশ গুম করে ফেলবে। এ ঘটনার পর আহত সাগরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।