যশোরে কুখ্যাত মাদক ব্যবসায়ী শিলি বেগম সহযোগীসহ আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে কুখ্যাত মাদক ব্যবসায়ী শিলি বেগম (৫০) সহযোগীসহ ফের আটক হয়েছেন। শহরের চাঁচড়া রায়পাড়া কয়লাপট্টিতে অভিযান চালিয়ে তাদেরকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ আটক করে ডিবি পুলিশ। আটক শিলি বেগম চাঁচড়া রায়পাড়া কয়লাপট্টির সোহরাব হোসেন ছোট’র স্ত্রী। আটক তার সহযোগী মাদক ব্যবসায়ীর নাম মুন্না গাজী (৫৫)। তিনি রেলগেট পশ্চিমপাড়ার মৃত রহমান গাজীর ছেলে।
ডিবি পুলিশের এসআই সোলায়মান আক্কাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল পাঁচটার দিকে চাঁচড়া রায়পাড়া কয়লাপট্টিতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে শিলি বেগম ও মুন্না গাজীকে ৮০ পুরিয়া গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এ ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে। উল্লেখ্য, শিলি বেগম কুখ্যাত মাদক ব্যবসায়ী। ২০২০ সালের জুলাই মাসে তিনি বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যদের হাতে আটক হয়েছিলেন। এছাড়া তিনি ইতোপূর্বে বেশ কয়েকবার ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে আটক হন। কিন্তু প্রতিবারই জামিনে কারাগার থেকে বের হওয়ার পর ফের তিনি মাদক ব্যবসায় লিপ্ত হন।