যশোরে কারারক্ষীর ওপর হামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে কিরামত আলী নামে এক কারারক্ষীর ওপর গত শনিবার রাতে হামলা চালিয়ে তাকে মারধর করেছে সন্ত্রাসীরা। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন কিরামত আলী। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিন কান্তি খান। কিরামত আলী অভিযোগে উল্লেখ করেছেন, শনিবার সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত যশোর কেন্দ্রীয় কারাগারে ডিউটি করেন তিনি। ডিউটি শেষ করে বাইসাইকেলে বাড়ি ফেরার পথে এসপি বাংলো রোডের মাঝামাঝি স্থানে পৌঁছালে একদল সন্ত্রাসী মোটরসাইকেলে করে এসে অতর্কিত তার ওপর হামলা চালায়। তারা তাকে বেধড়ক মারধর করে। ইট দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এ সময় কিরামত আলীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে রাত ১০ টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।