যশোরে কাচ্চি ডাইন, আড্ডাখানা, জলযোগ ও বিসমিল্লাহ মধু টেড্রিংয়ের বিরুদ্ধে মামলা

বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযানে

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরে সদ্য প্রতিষ্ঠিত রেস্তোরাঁ কাচ্চি ডাইনসহ আড্ডাখানা, জলযোগ ও বিসমিল্লাহ মধু টেড্রিং এ বুধবার অভিযান চালিয়েছে বিশুদ্ধ খাদ্য আদালত। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন, অপর্যাপ্ত স্যানিটেশন ও নিম্নমানের খাদ্যের কারণে প্রতিষ্ঠান মালিকদের বিরুদ্ধে মামলা করা হয়। এর কয়েকদিন আগে একই ধরনের অভিযানের কাচ্চি ভাইসহ ৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলো বিশুদ্ধ খাদ্য আদালত।

আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডলের নেতৃত্বে পরিচালিত বিশুদ্ধ খাদ্য আদালতের টিম বিকেলে প্রথমে শহরের মুজিব সড়কের ‘আড্ডাখানা’ রেস্তোরাঁয় অভিযান চালায়। এ সময় টিমের সদস্যরা সেখানকার রান্নাঘরের ভেতরে ময়লা আবর্জনার স্তূপ, অপরিচ্ছন্ন সরঞ্জাম এবং খাদ্য সংরক্ষণের অনুপোযুক্ত ও ঝুঁকিপূর্ণ পরিবেশ দেখতে পায়। এরপর বিশুদ্ধ খাদ্য আদালত শহরের মাইকপট্টিতে সদ্য প্রতিষ্ঠিত রেস্তোরাঁ কাচ্চি ডাইনে অভিযান চালায়। এই রেস্তেরাঁরও রান্নাঘরের পরিবেশ ছিল অত্যন্ত নোংরা ও অগোছালো। বাসি খাবার সংরক্ষণসহ একাধিক ত্রুটি পাওয়া যায়।

এছাড়া খাদ্যে টেস্টিং সল্ট ও স্যাকারিন মেশানোর প্রমাণ পায় আদালত। পরে চৌরাস্তা রেলরোড এলাকার ‘জলযোগ’ হোটেলে অভিযান চালায় বিশুদ্ধ খাদ্য আদালত। এই হোটেলের খাবার প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে মারাত্মক অনিয়ম, স্যানিটেশন ঘাটতি এবং স্বাস্থ্যঝুঁকিপূর্ণ অব্যবস্থাপনার প্রমাণ পাওয়া যায়। সর্বশেষ শেখহাটি মেসার্স বিসমিল্লাহ মধু টেড্রিং এ অভিযান চালানো হয়। এসময় সেখানে দেখা যায় যে, মধুর লাইসেন্স নিয়ে ওই প্রতিষ্ঠানে তৈরি করা হচ্ছে কাসুন্দি, কফি, শসসহ বিভিন্ন ধরনের পণ্য। এছাড়া মধুতে মেশানো হচ্ছে ক্ষতিকারক স্যাকারিন ও চিনি।

সূত্র জানায়, অভিযানে ৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঘটনাস্থলেই মামলা দায়ের করা হয়। নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইনসপেক্টর মহিবুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। অভিযানে আরও অংশ নেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, জেলা স্যানিটারি পরিদর্শক নাজনীন নাহার প্রমুখ।