যশোরে কনস্টেবল পদে প্রাথমিক নিয়োগ পেয়েছেন ৫২ জন

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য যশোর জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের রোববার দুপুর আড়াইটায় উপস্থিত হতে আমন্ত্রণ জানানো হয়েছিলো।

যথাসময়ের আগেই গণমাধ্যম কর্মীরা যশোর পুলিশ লাইন্সে উপস্থিত হলেও ফলাফল প্রকাশ করা হয় বিকেল ৪ টার পর। আমন্ত্রণ জানিয়ে দীর্ঘ সময় ধরে বসিয়ে রাখার কারণে গণমাধ্যম কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।

স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ১২০ টাকা ফি প্রদান করে নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে যশোর জেলা হতে এবার ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে প্রাথমিকভাবে নিয়োগ পেয়েছেন ৫২ জন।

ফলাফল প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। তিনি বলেন, আমরা এই নিয়োগ প্রক্রিয়াটি কয়েকটি ধাপের মধ্য দিয়ে আজ শেষ করতে পেরেছি। আজকে যারা প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন তারা সকলেই নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখেছেন।

তিনি উত্তীর্ণ সকল প্রার্থীকে অভিনন্দন জানান। একই সাথে যেসকল প্রার্থী প্রাথমিক ফলাফলে অকৃতকার্য হয়েছেন তাদের পরবর্তীতে আরো ভালো প্রস্তুতি নিতে বলেন।