যশোরে কওমী মাদরাসা পরিষদেও বিভাগীয় সম্মেলন

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরে খুলনা বিভাগীয় উলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের উদ্যোগে বুধবার যশোর সদর উপজেলার সতীঘাটা আশরাফুল মাদারিসে উলামায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ভারতের দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসীন, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, আন্তর্জাতিক ইসলামিক স্কলার আওলাদে রাসুল (সা:) আমিরুল হিন্দ আল্লামা সাইয়েদ আরশাদ মাদানী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি, মাওলানা সাজিদুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া। সম্মেলনে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের সভাপতি মাওলানা মুশতাক আহমাদ।
খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের মহসচিব মাওলানা নাসীরুল্লাহর সার্বিক ব্যবস্থাপনায় উলামা সম্মেলনে তিন সহস্রাধিক কওমী মাদরাসার হাজার হাজার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সর্বস্তরের উলামা মাশায়েখ অংশ নেন।
পরে আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষায় খুলনা বিভাগ থেকে মেধাতালিকায় স্থান পাওয়া ১ হাজার ৮৬৬ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া বিভাগ ও জেলাওয়ারী শ্রেষ্ঠ প্রতিষ্ঠানগুলোকে বিশেষ সম্মাননা সনদ প্রদান করা হয়। তিনটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।