যশোরে আলোচিত কংকাল রহস্য মামলার চার্জশিট শিগগিরই

0

অনৈতিক সম্পর্কের কারণে খুন : পিবিআই
/৩

মীর মঈন হোসেন মুসা ॥ যশোর শহরের পুরাতনকসবা নিরিবিলি এলাকার আলোচিত রাজীব হোসেন কাজী হত্যা (কংকাল রহস্য) মামলার তদন্ত কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রভাবশালী পরিবারের এক যুবতীর সাথে অনৈতিক সম্পর্কের কারণে ৮ বছর আগে তাকে নৃসংশভাবে হত্যা করা হয়। হত্যার পর লাশ ড্রামে ঢুকিয়ে কাঁচা বাথরুমের কুয়ার ভেতর চাপা দেয়া হয়েছিলো বলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের তদন্তে উঠে এসেছে। এই হত্যার সাথে জড়িত স্থানীয় ছাত্রলীগ নেতা শেখ সজিবুর রহমান সজীব এবং পুলিশ কনস্টেবল খায়রুজ্জামান শিহাবসহ ৭ জনকে বিভিন্ন সময় আটক করে তদন্ত সংস্থা। এর মধ্যে ৫ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।
নিহত রাজীব হোসেন কাজী খুলনার দিঘলিয়া উপজেলার চন্দোলিমহল এলাকার ফারুক হোসেনের ছেলে। তিনি যশোর শহরের পুরাতনকসবা মানিকতলা এলাকায় বসবাস করতেন। পুরাতনকসবা নিরিবিলি এলাকার শেখ আজিজুল হক বুকড়ার ছেলে স্থানীয় ছাত্রলীগ নেতা শেখ সজিবুর রহমান সজীবের সাথে তার সখ্য ছিলো। ২০১৬ সালের মার্চের দিকে হঠাৎ রাজীব নিখোঁজ হন। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তার সন্ধানে ব্যর্থ হন। ওই ঘটনার ৭ বছর পর পুরাতনকসবা নিরিবিলি এলাকায় এক ব্যক্তির বাড়ি নির্মাণের জন্যে মাটি খুঁড়তে গিয়ে পরিত্যক্ত কাঁচা বাথরুমের কুয়ার ভেতরে বড় একটি ড্রাম পান শ্রমিকরা। ড্রামের ভেতরে পাওয়া যায় মানুষের কংকাল। যে স্থানে কংকালটি পাওয়া যায় সেখানে এক সময় স্থানীয় ছাত্রলীগ নেতা শেখ সজিবুর রহমান সজীবের অফিস ছিলো। ড্রামের ভেতর মানুষের কংকাল পাওয়া যাওয়ায় এর রহস্য উদ্ঘাটনে মাঠে নামেন পিবিআই কর্মকর্তারা। পরে তারা জানতে পারেন, কংকালটি ২০১৬ সালে নিখোঁজ রাজীবের। পরবর্তীতে স্থানীয় ছাত্রলীগ নেতা শেখ সজিবুর রহমান সজীবের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের আসামি করে কোতয়ালি থানায় একটি মামলা করেন নিহতের পিতা ফারুক হোসেন।
পিবিআই’র এসআই মো. জিয়াউর রহমান জানান, মামলা তদন্তে উঠে এসেছে আসামি সজীবের এক খালাতো বোনের সাথে অনৈতিক সম্পর্ক ছিলো রাজীবের। একদিন একটি ঘরের ভেতর দুই জনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান সজীব। এ কারণে রাজীবকে কয়েকদিন ঘরের ভেতর আটকে রেখে নির্যাতন করে নৃশংসভাবে হত্যা করেন সজীব এবং তার দুই সঙ্গী সাইফুল হক লিটন ও খায়রুল কবির খান বাবু। হত্যার পর লাশ গুমের পরামর্শ ও সহায়তায় করেন তৎকালীন যশোর পুলিশ লাইন্সে কর্মরত কনস্টেবল খায়রুজ্জামান শিহাবসহ আরো ৪ জন। তারা হলেন, ইব্রাহিম মোল্লা, জয়নাল হাওলাদার ও রিকশাচালক আব্দুস সালাম। তিনি জানান, রাজীব হত্যা এবং লাশ গুমে সহায়তার সাথে জড়িত উল্লিখিত ৭ জনকে বিভিন্ন সময় আটক করেছেন। সর্বশেষ গত বছরের ১৩ অক্টোবর আটক করা হয় পুলিশ কনস্টেবল খায়রুজ্জামান শিহাবকে। আটক ৭ জনের মধ্যে ইব্রাহিম মোল্লা ও জয়নাল হাওলাদার বাদে অন্যরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি আরও জানান, রাজীব হত্যা মামলার তদন্ত কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শিগগির আলোচিত এই হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল করবেন।