যশোরে অ্যাপেক্স ক্লাবের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ ‘সার্ভিস, সিটিজেনশিপ ও ফেলোশিপ’ এই তিন মূলনীতিকে সামনে রেখে শহরের গোলপাতা মসজিদ সংলগ্ন শংকরপুর এলাকায় অ্যাপেক্স ক্লাব অব যশোরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার আয়োজিত এ অনুষ্ঠানে অ্যাপেক্স ক্লাব অব যশোরের সভাপতি অ্যাপেক্সিয়ান খুরশীদ আলম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান।

সংগঠনের সেক্রেটারি অ্যান্ড ডিএনই এডিটর (২০২৬) অ্যাপেক্সিয়ান কামরুজ্জামান মিলনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাপেক্স বাংলাদেশ জেলা-০৬-এর ডিস্ট্রিক্ট গভর্নর অ্যাপেক্সিয়ান জসিম উদ্দিন খান, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আব্দুল কাদের, সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক দীপ্তি মিত্র এবং অ্যাপেক্স বাংলাদেশ জেলা-০৬-এর পিডিজি অ্যাপেক্সিয়ান আসাদুজ্জামান শাহীন।

সংবর্ধনা অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান বলেন, “আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের হাত ধরেই একটি আলোকিত ও উন্নত সমাজ বিনির্মিত হবে।”

সভাপতির বক্তব্যে খুরশীদ আলম বাবু বলেন, শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি দেওয়া ও তাঁদের সমাজসেবামূলক কাজে উদ্বুদ্ধ করতেই এই আয়োজন। ভবিষ্যতে এ ধরনের সামাজিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।