যশোরের শীর্ষ সন্ত্রাসী হানিফের স্ত্রীসহ আটক -৩

অস্ত্র-বোমা উদ্ধার

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে শীর্ষ সন্ত্রাসী বোমারু হানিফের স্ত্রীসহ তিনজনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। এ সময় তাদের কাছে থাকা অস্ত্র ও বোমা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার খুলনা নগরীর নিরালা আবাসিকের ২৯ নম্বর রোডের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, আলিম (২২), শান্ত ইসলাম (২৬) এবং সাদিয়া(১৯)। তারা সবাই যশোর জেলার বাসিন্দা। এর মধ্যে সাদিয়া যশোরের শীর্ষ সন্ত্রাসী হানিফ ওরফে বোমারু হানিফের স্ত্রী। কেএমপির এডিসি (মিডিয়া) আহসান হাবীব এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খুলনায় অভিযান চালিয়ে হানিফের স্ত্রীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে ম্যাগজিনসহ একটি পিস্তল,পলিথিনে মোড়ানো সুইচ গিয়ার, দুটি তাজা ককটেল, শটগানের গুলি (কালো), ৫টি জালের কাঠি, গুনো তার ও দুটি কালো রঙ্গের স্কচটেপ উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।