যশোরের চাঁচড়া এলাকায় অবৈধ অস্ত্রের কারবার,মূল হোতারা ধরা ছোঁয়ার বাইরে

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে অবৈধ অস্ত্র ব্যবসায়ীদের তৎপরতা বৃদ্ধি পেলেও অধিকাংশই রয়ে গেছে ধরা ছোঁয়ার বাইরে। সীমান্ত এলাকা দিয়ে ঢুকছে এসব অবৈধ অস্ত্র। চলে যাচ্ছে যশোর জেলাসহ দেশের বিভিন্ন স্থানে। তাছাড়া যশোরের চাঁচড়া অঞ্চলেও রয়েছে অবৈধ অস্ত্রের কারবার। অবৈধ অস্ত্রের কারাখানাও রয়েছে ওই অঞ্চলে। এখান থেকে বিভিন্ন স্থানের সন্ত্রাসীদের কাছে চলে যাচ্ছে অবৈধ অস্ত্র।
বেনাপোল সীমান্ত এলাকা থেকে দীর্ঘদিন ধরে নানাভাবে ঢুকছে অবৈধ অস্ত্র। একাধিক সিন্ডিকেট জড়িত এই অবৈধ অস্ত্রের ব্যবসার সাথে। কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময় চুনোপুঁটি এবং বহনকারীদের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করলেও মূল হোতারা এখনো ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছেন। মূল হোতারা আটক না হওয়ায় এ নিয়ে নানা প্রশ্নও রয়েছে সচেতন মহলে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, সীমান্ত এলাকা থেকে পিস্তল ও ওয়ান শ্যুটারগান ঢুকছে বেশি। ওয়ান শ্যূটারের দাম কম এবং এর চাহিদা বেশি হওয়ায় অবৈধ অস্ত্র ব্যবসায়ীরা এই অস্ত্রের ব্যবসার দিকে ঝুঁকে পড়েছে। সীমান্ত এলাকা থেকে এই অবৈধ অস্ত্র এখন যশোরের চাঁচড়া অঞ্চলেও বিকিকিনি হচ্ছে। কেউ কেউ আইন-শৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয়ে অবৈধ অস্ত্রের ব্যবসা চালিয়ে যাচ্ছে। সূত্র জানায়, যশোর শহরের চাঁচড়াসহ কয়েকটি এলাকায় বেশ কয়েকজন অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত। এর মধ্যে রয়েছে,
চাঁচড়া রায়পাড়ার আলোচিত বাবু, প্রিন্স, রনি, রেলগেট এলাকার কুদরত, ইমন, আরমান, ষষ্ঠীতলা এলাকার বুনো মানিক, রেলগেট কলাবাগান এলাকার বাবু, মন্ডলগাতির শিমুল, বেজপাড়া ফুড গোডাউন এলাকার শুভ প্রমুখ।
এছাড়া চাঁচড়া ভাতুড়িয়া নারায়ণপুর এলাকায়ও অবৈধ অস্ত্র বিক্রি হচ্ছে। ওই এলাকায় কুখ্যাত খোঁড়া কামরুল ও ইকবালের অবৈধ অস্ত্র তৈরির কারখানা রয়েছে। গোপনে তারা ওয়ান শ্যূটারগান তৈরি করে তা সন্ত্রাসীদের কাছে বিক্রি করছেন। তাদের কাছে ৭ হাজার টাকা থেকে শুরু করে ১০/১২ হাজার টাকায় মেলে ১টি ওয়ান শ্যূটারগান। এই দুই কারিগর বিভিন্ন সময় আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে অস্ত্র তৈরির সরঞ্জামসহ আটক হয়েছেন। জামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ফের তারা অবৈধ অস্ত্র তৈরি ও কারবার চালিয়ে যাচ্ছেন। সূত্র আরও জানায়, চাঁচড়া অঞ্চলে অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িতরা স্থানীয় প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় রয়েছেন। ওইসব প্রভাবশালী ব্যক্তির বিভিন্ন অনুষ্ঠানেও তাদের দেখা যায়।
অবৈধ অস্ত্র কারবারের সাথে জড়িতদের আটক প্রসঙ্গে জেলা গোয়েন্দা পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, অবৈধ অস্ত্র কারবারের সাথে জড়িত কারো সন্ধান পেলে তারা তাদের আটক করবেন। এ বিষয়ে গোয়েন্দা পুলিশ কাজ করছে।