যবিপ্রবি’র কর্মকর্তা বিপ্লবের বিরুদ্ধে এবার স্ত্রীর যৌতুক মামলা

0

স্টাফ রিপোর্টার॥ দুই লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে সোমবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সেকশন অফিসার বিপ্লব হোসেনের বিরুদ্ধে এবার আদালতে মামলা করেছেন তার স্ত্রী সুমাইয়া ইয়াসমিন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মঞ্জুরুল ইসলাম অভিযোগ আমলে নিয়ে আসামির প্রতি সমন ইস্যুর আদেশ দিয়েছেন। এর আগে গত ১৭ অক্টোবর গর্ভের সন্তান নষ্টের চেষ্টা এবং মারধরের অভিযোগ এনে বিপ্লব হোসেনের বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন সুমাইয়া ইয়াসমিন। অভিযুক্ত বিপ্লব হোসেন সদর উপজেলার হালসা গ্রামের আবু মুছার ছেলে।
সোমবার আদালতে দায়ের করা মামলায় সুমাইয়া ইয়াসমিন উল্লেখ করেছেন, বিপ্লব হোসেন তার কাছে ২ লাখ টাকা যৌতুক দাবি করেছিলেন। কিন্তু তিনি যৌতুক দিতে অস্বীকার করায় গত ৯ অক্টোবর রাতে বিপ্লব হোসেন নিজ পিতা মাতার উপস্থিতিতে ও সহায়তায় তাকে মারধর করেন। এমন কি তার গর্ভের সন্তান হত্যার চেষ্টা চালানো হয়। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে তিনি প্রাণে রক্ষা পান । এ ঘটনার পর তিনি হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ করেন। পরবর্তীতে তিনি বিষয়টি আপোষ মীমাংসার জন্য আসামি বিপ্লব হোসেনের সাথে যোগাযোগ করেন। গত ২২ অক্টোবর বিকেলে আসামি বিপ্লব হোসেন তার (সুমাইয়া ইয়াসমিন) বাহাদুরপুরের পিতার বাড়িতে আসেন। সেখানে এক শালিসে যৌতুকের টাকা পরিত্যাগ করে সুমাইয়া ইয়াসমিনকে নিয়ে ঘরসংসার করার জন্য তাকে অনুরোধ জানানো হয়। কিন্তু যৌতুকের ২ লাখ টাকা না পেলে স্ত্রীকে নিয়ে তিনি ঘরসংসার করবেন না বলে সাফ জানিয়ে দেন।