যবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

0
ছবি: সংগৃহীত।

ক্রীড়াই হোক সৌহার্দ্য ও সম্পৃতির সেতুবন্ধন- স্লোগানে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুরু হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল (ছাত্র-ছাত্রী) ও কাবাডি (ছাত্র) প্রতিযোগিতা। পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করেছে যবিপ্রবির শরীরচর্চা শিক্ষা দপ্তর।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার ইমরান খান।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় যবিপ্রবির বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে আড়ম্বরপূর্ণ ও জমকালো এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. ইমরান খান। ১৮ জুন থেকে ২২ জুন পর্যন্ত পাঁচ দিনব্যাপী এই আসরে দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল (ছাত্র ও ছাত্রী) ও কাবডি (ছাত্র) দল পৃথকভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ও জাতীয় বিশ্ববিদ্যালয়। ২২ জুন এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবির উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. ইমরান খান বলেন, যবিপ্রবি শিক্ষার পাশাপাশি খেলাধুলায় একটি মাইফলক। এই বিশ্ববিদ্যালয়ের বয়স তুলনামুলক কম হলেও খেলাধুলার ধারাবাহিকতা যবিপ্রবি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের থেকে অনেক এগিয়ে আছে। এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে জাতীয় পর্যায়ের খেলোয়ার তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। খেলাধুলার মধ্য দিয়ে সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক সেতু বন্ধন হবে বলে মনে করেন।

তিনি অংশগ্রহণকারী সকল খেলোয়ারকে খেলোয়ারসুলভ আচরণ বজায় রাখার আহবান জানান। সকলের সুস্বাস্থ্য কামনা করেন।

শরীরচর্চা শিক্ষা দপ্তরের আয়োজনে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ও আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনী ও সমাপনীর অনুষ্ঠানের আহবায়ক অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন ও শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. শাহেদুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও কাবাডি প্রতিযোগিতা পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দসহ সংশ্লিষ্টরা। অনুষ্ঠান পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াহেদ।