জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে। যেই সেবা নিয়ে জনগণের কোনো প্রশ্ন কিংবা অভিযোগ থাকবে না, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার সেটি নিশ্চিত করতে কাজ করছে।

শুক্রবার সকালে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ভূমি অফিসের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। পরে প্রতিমন্ত্রী যশোর পৌর সদরের ৫ নম্বর ওয়ার্ডে পৃথক চারটি ড্রেন ও রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চায়। জনগণের কষ্ট এবং অভিযোগের জায়গাগুলো সরকার কমিয়ে আনতে চায়। প্রধানমন্ত্রী তার সরকারকে গণমুখী সরকারে রূপান্তরিত করতে চান। প্রধানমন্ত্রী বিশ্বাস করেন এই সরকার একান্তই দেশের সমগ্র জনগণের। সরকার জনগণের প্রতি দায়বদ্ধতা জায়গা থেকে একবিন্দু সরবে না, প্রতিটি নাগরিকের মানসম্মত সেবা নিশ্চিত করবে।

তিনি বলেন, ভূমি অফিস একটি গুরুত্বপূর্ণ জায়গা। সরকার নির্ধারিত মূল্যে জনগণকে সেবা দিতে হবে। সরকার নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত একটি টাকাও নেওয়া যাবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম প্রমুখ।