মোস্তাফিজ বিশ্বকাপ দলে থাকলে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে, জানিয়ে আইসিসির চিঠি

0
বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে আইসিসির বিতর্কিত চিঠি নিয়ে কথা বলছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ।। ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক॥ ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অংশগ্রহণ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আইসিসির নিরাপত্তা বিভাগ থেকে বিসিবিকে পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে, দলে বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান থাকলে ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে। সোমবার (১২ জানুয়ারি) বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর তথ্য জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

আইসিসির চিঠির বরাত দিয়ে উপদেষ্টা জানান, তিনটি কারণে ভারতে বাংলাদেশের ঝুঁকি বাড়তে পারে: প্রথমত, মোস্তাফিজের অন্তর্ভুক্তি; দ্বিতীয়ত, সমর্থকদের জাতীয় জার্সি পরে ঘোরাফেরা করা এবং তৃতীয়ত, বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন। আইসিসির এমন শর্তকে ‘উদ্ভট’ ও ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে আসিফ নজরুল বলেন, “ভারতের উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি এবং বাংলাদেশ-বিদ্বেষী পরিবেশের কারণে সেখানে ক্রিকেট খেলা অসম্ভব হয়ে পড়েছে। আমরা আমাদের সেরা বোলারকে বাদ দিয়ে দল গড়ব না।”

উপদেষ্টা সাফ জানিয়ে দেন, আইসিসি যদি একক কোনো দেশের (ভারত) কথায় ওঠবস না করে, তবে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কা, পাকিস্তান বা সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া উচিত। ভারতের উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে আইসিসি বা ভারতীয় ক্রিকেট বোর্ড নতি স্বীকার করলে বাংলাদেশ তা মেনে নেবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।