মোবাইল ফোন কেড়ে নেওয়ায় নামাজরত পিতাকে হত্যা, কিশোর ছেলে আটক

0

রিফাত রহমান,চুয়াডাঙ্গা।।  চুয়াডাঙ্গা শহরের পলাশপাড়ায় মোবাইল ফোন কেড়ে নেওয়ায় হাফেজ ছেলের উপর্যুপরি ছুরিকাঘাতে নামাজরত অবস্থায় পিতা নিহত হয়েছেন। শনিবার (২২ মার্চ) রাত ৮টার পর এ ঘটনা ঘটে। নিহত  এ.কে.এম.রিন্টু ওরফে দোদুল (৫২)  পলাশপাড়ার মরহুম কাজী আফাজ উদ্দিনের ছেলে। তিনি ভুসিমাল ব্যবসায়ী ছিলেন। ঘাতক ছেলে হাফেজ কে.এম.রিফাত রহমানকে (১৭) সদর থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় আটক করে।
চুয়াডাঙ্গা সদর থানায় অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান,বাবা রিন্টু তার ছেলে রিফাতকে মোবাইল ফোন চালাতে নিষেধ  করেন। ছেলে কথা না শোনায় তিনি সেটা  কেড়ে নেন। এতে ক্ষিপ্ত হয়ে রিফাত নামাজরত অবস্থায় তার বাবাকে বাড়িতে ব্যবহৃত ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকে। এতে বাবা রিন্টু মারাত্বক আহত হন। তাকে স্থানীয়দের সহায়তায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে জরুরি বিভাগের চিকিৎসক তারেক জুয়ায়েদ তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে ছুরিকাহত পিতা

এ ঘটনা জানার পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ঘাতক ছেলেকে হত্যাকাজে ব্যবহৃত ছুরিসহ আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে বলে তিনি জানান। এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।