মোটরসাইকেলের মালিক সন্দেহে আটক সেই হান্নানের জামিন

0
ওসমান হাদি হত্যা মামলায় ভুল সন্দেহে আটক আব্দুল হান্নানের জামিন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে ভুলবশত আটক হওয়া আব্দুল হান্নান অবশেষে জামিন পেয়েছেন। রোববার (২১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন।

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ ডিসেম্বর পল্টনে হাদিকে গুলি করার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বরের সঙ্গে মিল থাকায় গত ১৩ ডিসেম্বর হান্নানকে আটক করেছিল র‍্যাব-২। পরবর্তীতে তাঁকে পল্টন মডেল থানায় সোপর্দ করা হয় এবং ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।

তবে রিমান্ড চলাকালীন পুলিশি তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। বিআরটিএ-এর তথ্য ও শোরুম মালিকের সাথে মুখোমুখি জিজ্ঞাসাবাদে দেখা যায়, হান্নানের মালিকানাধীন মোটরসাইকেলটি সুজুকি ব্র্যান্ডের ‘জিক্সার’ (নম্বর ঢাকা মেট্রো-ল ৫৪-৬৩৭৫)। অন্যদিকে, হাদি হত্যায় ঘাতকরা ব্যবহার করেছিল হোন্ডা ব্র্যান্ডের ‘হর্নেট’ মডেলের একটি মোটরসাইকেল। মূলত মূল ঘাতকের ব্যবহৃত মোটরসাইকেলের নম্বরের শেষ সংখ্যার (৬-এর স্থলে ৫) বিভ্রান্তিতে নির্দোষ হান্নানকে আটক করা হয়েছিল।

গত ১৭ ডিসেম্বর পুলিশের প্রতিবেদনে আব্দুল হান্নান প্রকৃত মালিক নন বলে বিষয়টি নিশ্চিত করা হয়। এরপর আজ আইনি প্রক্রিয়া শেষে তিনি কারামুক্তির আদেশ পান। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে আহত হওয়ার পর গত ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি।