মোংলা বন্দরে প্রকল্পের চীনা প্রকৌশলীসহ দুই জনকে হাতুড়িপেটার অভিযোগ

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা॥ মোংলা বন্দরের প্রকল্পের কাজে নিয়োজিত চীনা প্রকৌশলীসহ দুজনকে হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। পশুর চ্যানেলে চলমান ইনার বার ড্রেজিং প্রকল্পের কাজে নিয়োজিত ওই দুই জনকে স্থানীয় কতিপয় জমির মালিক ও তাদের লোকজন আহত করেছে বলে অভিযোগে বলা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী ও ইনার বার ড্রেজিং প্রকল্পের পরিচালক শেখ শওকত আলী বাদী হয়ে সোমবার রাতে থানায় একটি মামলা করেছেন।
পুলিশ ও বন্দর কর্তৃপক্ষ জানায়, মোংলা বন্দরের ইনার বার ড্রেজিং প্রকল্পের খননকাজে নিয়োজিত চীনা প্রকৌশলী অং ইয়াও (৪৫) ও সহকারী প্রকৌশলী তন্ময় (৪০) কাজের তদারকিতে সোমবার দুপুরের দিকে চিলা ইউনিয়নের পশুর নদী সংলগ্ন কোলাবাড়ী এলাকায় যান। সে সময় সেখানকার কতিপয় জমির মালিক ও তাদের লোকজন অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালান। এ সময় হামলাকারীরা ওই দুই প্রকৌশলীকে হাতুড়ি ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে তন্ময়কে খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর চীনা প্রকৌশলী অং ইয়াও মোংলার চায়না প্রজেক্টে চিকিৎসাধীন রয়েছেন। মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী (সিভিল ও হাইড্রোলিক) ও ইনার বার ড্রেজিং প্রকল্পের পরিচালক শেখ শওকত আলী বলেন, ‘কোলাবাড়ী এলাকায় জমির মালিক ও তাদের লোকজনের অতর্কিত হামলায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ হামলার ঘটনায় চার-পাঁচজন জমির মালিকসহ অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের নামে রাতে থানায় মামলা করা হয়েছে। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম থানায় দায়ের হওয়া মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার তদন্ত চলছে। তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা বলছেন, মোংলা বন্দরের ইনারবার ড্রেজিং প্রকল্পের পলি অপসারণের জন্য হুকুম দখল নেওয়া স্থানীয় জমির মালিকদের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের বিরোধ চলে আসছে। জমির মালিকরা তাদের জমিতে পলি না ফেলতে লিখিত দাবি করেছেন ও আদালতে রিট করেছেন।