মেথিকান্দা রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী ববি বেগমকে হত্যা ও লুটের ঘটনায় গ্রেপ্তার ৫

0
বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম।। ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটের শিকার হয়ে বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম (৭০) নিহত হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় রেলওয়ে পুলিশ, র‍্যাব-১১ ও রেলওয়ে গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদ আহমেদ জানান, গ্রেপ্তার পাঁচজন হলেন—সাকিব মিয়া (২৩), ইলিয়াছ মিয়া (৩৫), বিল্লাল মিয়া (২৫), দ্বীন ইসলাম (২৬) ও রিফাত মিয়া (২০)। তাঁদের মধ্যে দ্বীন ইসলাম ও রিফাত মিয়াকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে গ্রেপ্তার করা হয় এবং অন্য তিনজনকে মেথিকান্দা রেলস্টেশনের আশপাশ থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই যুগ আগে এক দুপুরে এই স্টেশনে থামা একটি ট্রেন থেকে নেমেছিলেন বাক্‌প্রতিবন্ধী ববি বেগম। এরপর তিনি আর কোথাও যাননি; স্টেশনটির একটি পরিত্যক্ত কক্ষই ছিল তাঁর স্থায়ী আশ্রয়। বিনা বেতনে প্ল্যাটফর্ম ঝাড়ু দেওয়া ও শৌচাগার পরিষ্কারসহ বিভিন্ন পরিচ্ছন্নতার কাজ করতেন তিনি। স্টেশন ও আশপাশের মানুষসহ অনেক যাত্রী তাঁকে চিনতেন। অনেকে তাঁকে খাবার দিতেন, আবার কেউ ৫ থেকে ১০ টাকা দিয়ে সহযোগিতা করতেন। সেই টাকা খরচ না করে দুই যুগ ধরে জমিয়েছিলেন এই বৃদ্ধা।

গত শনিবার দিবাগত রাত দুইটার দিকে ওই পরিত্যক্ত কক্ষে ববি বেগম ঘুমিয়ে ছিলেন। ওই সময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত তাঁর কক্ষে ঢুকে জমানো টাকা তাদের হাতে তুলে দিতে বলে। এতে রাজি না হওয়ায় এই বৃদ্ধার চোখ–মুখে কিল–ঘুষি ও সারা শরীরে উপর্যুপরি মারধর করা হয়। হামলায় তাঁর চোখ, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। পরে তাঁর দীর্ঘদিনের জমানো টাকা খুঁজে বের করে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এর তিন দিন পর গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ববি বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে দিবাগত রাত সোয়া একটার দিকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তাঁর মৃত্যু হয়।

রেলওয়ে পুলিশ জানায়, মেথিকান্দা রেলস্টেশনে অসহায় ববি বেগমের ওপর হামলা ও লুটের ঘটনাটি দেশের মানুষকে গভীরভাবে নাড়া দিয়েছে। এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় মামলা হওয়ার পর ঘটনাস্থল ও আশপাশের কিছু সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হয়। এরপর গতকাল সকাল থেকে পুলিশ, র‍্যাব ও ডিবি একযোগে অভিযানে নামে এবং আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এর আগে গত বুধবার সকাল ৯টার দিকে ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে রাত আটটার দিকে তাঁর লাশ স্টেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে পুলিশ। রাত ১০টায় স্টেশনের প্রবেশমুখে খোলা চত্বরে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁর লাশ স্টেশনসংলগ্ন একটি সামাজিক কবরস্থানে দাফন করা হয়।