মা-বাবার কাছে ফিরতে চায় হারিয়ে যাওয়া শিশু হৃদয়

0

খাজুরা (যশোর) সংবাদদাতা ॥ হৃদয় হোসেন। বয়স আনুমানিক ৭ বছর। চোখে মুখে নিষ্পাপ ও কোমলতার চাপ। কোন না কোনভাবে হারিয়ে গেছে পরিবার-পরিজন থেকে। সঠিকভাবে তার পরিচয় ও ঠিকানা বলতে পারে না। একেক সময় একেক ঠিকানা দেয়। দেখে কোনভাবেই মনে হয় না সে বুদ্ধি প্রতিবন্ধী। তবে পরিচয় ও ঠিকানা সঠিকভাবে বলতে না পারলেও সে তার মা-বাবার কাছে ফিরতে চায়। বর্তমানে সে যশোরের বাঘারপাড়া উপজেলার ছোটখুদড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে মেহেদী হাসানের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে পুলিশকে জানানো হয়েছে। নিখোঁজ শিশুর সাথে কথা হলে সে জানায়, তার নাম হৃদয়। বাবার নাম সবুজ হোসেন ও মা রিমি খাতুন। বাড়ি মাগুরার মোহাম্মদপুর উপজেলার আলোকদিয়া গ্রামে। স্থানীয় বড়খুদড়া গ্রামে বিউটি নামে তার খালার বাড়িতে বেড়াতে এসেছিল। তবে সে তার খালুর নাম বলতে পারেনি। এ ব্যাপারে মেহেদী হাসান জানান, গত সোমবার সন্ধ্যার দিকে শিশুটি লাটা হাম্বার (তিন চাকার ইঞ্জিনচালিত গাড়ি) থেকে ছোটখুদড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নামে। এ সময় তার গায়ে সাদা পাঞ্জাবি, পাজামা ও মাথায় টুপি পরা ছিল। সন্ধ্যা গড়িয়ে গেলেও অসহায়ের মত সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে ইউপি সদস্য ও স্থানীয়দের জানালে তারা খাজুরা পুলিশকে খবর দেন। ইউপি সদস্য হাফিজুর রহমানের সাথে কথা হলে তিনি বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, শিশুটির ভাষ্য অনুযায়ী বড়খুদড়া গ্রামে বিউটি নামে তার কোন খালাকে খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জুম্মান খান জানান, মোহাম্মদপুর থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। শিশুটির দেওয়া ঠিকানা অনুযায়ী ওই নামে কারোও পরিচয় মিলছে না। খোঁজ পেলে তাকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে। হৃদয়কে তার পরিবার ও স্বজনদের কাছে ফিরে যেতে সহায়তা করতে ০১৭৪৪-৯৬৮১৯৪ ও ০১৭১৪-৮৩৫৯৩১ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।