মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়া শিশুকে বাঁচাতে গেলেন যুবক, ট্রাকচাপায় প্রাণ গেল দুজনেরই

0
চলন্ত ট্রাকের নিচে মানবিকতার নির্মম বলি: মায়ের কোল থেকে ছিটকে পড়া শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকেরও ।। ছবি: সংগৃহীত

মায়ের কোল থেকে মহাসড়কে ছিটকে পড়া আট বছরের শিশুকে বাঁচাতে গিয়ে ট্রাকচাপায় নিহত হয়েছেন ৩৫ বছর বয়সী এক যুবক। শিশুটিরও একই পরিণতি হয়েছে। গতকাল রোববার রাতে পাবনার ঈশ্বরদী উপজেলার পাবনা-কুষ্টিয়া মহাসড়কের দাশুড়িয়া কোলেরকান্দি বটতলা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাবনা সদর উপজেলার কোলাদি গ্রামের জাহিদ হোসেনের ছেলে আলিফ হোসেন (৮) এবং আতাইকুলা থানার শ্রীকোল গ্রামের বাশার শেখের ছেলে বাকি বিল্লাহ (৩৫)। আহত হয়েছেন আলিফের মা আঁখি খাতুন (৩০), যাঁকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

যেভাবে ঘটল ঘটনা

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, গতকাল রাত নয়টার দিকে রূপপুর এলাকা থেকে পাকশী হার্ডিঞ্জ ব্রিজ ঘুরে ছেলে আলিফকে নিয়ে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন আঁখি খাতুন। পথে পেছন থেকে আসা একটি মোটরসাইকেল অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে আলিফ মায়ের কোল থেকে ছিটকে মহাসড়কে পড়ে যায়।

অপর একটি মোটরসাইকেলে যাচ্ছিলেন বাকি বিল্লাহ। ঘটনা দেখে শিশুটিকে বাঁচাতে তিনি সড়কে ছুটে যান। ঠিক তখনই পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাঁদের দুজনকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় আলিফ ও বাকি বিল্লাহর।

খবর পেয়ে রূপপুর মডার্ন ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি এবং আহত আঁখি খাতুনকে উদ্ধার করেন।

পাকশী হাইওয়ে থানার ওসি নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতহাল শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।