মান্না, সাকি, নুরুল, ববিসহ শরিকদের কে কোন আসনে, জানালেন মির্জা ফখরুল

0
মাহমুদুর রহমান মান্না, জোনায়েদ সাকি, নুরুল হক, ববি হাজ্জাজ ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মিত্র দলগুলোর জন্য আরও ১০টি আসন ছেড়ে দেওয়ার চূড়ান্ত ঘোষণা দিয়েছে বিএনপি। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে জমিয়তে উলামায়ে ইসলামকে ৪টি আসন ছেড়েছিল দলটি।

সংবাদ সম্মেলনের অন্যতম বড় চমক ছিল এলডিপি মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী রেদোয়ান আহমেদের বিএনপিতে যোগদান। তিনি নিজের পুরনো আসন কুমিল্লা-৭ থেকে ধানের শীষ প্রতীকে লড়বেন। একইভাবে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজও বিএনপিতে যোগ দিয়ে ঢাকা-১৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আসন সমঝোতার তালিকায় রয়েছেন দেশের রাজনীতির পরিচিত মুখ মাহমুদুর রহমান মান্না (বগুড়া-২), নুরুল হক নুর (পটুয়াখালী-৩), জোনায়েদ সাকি (ব্রাহ্মণবাড়িয়া-৬) এবং সাইফুল হক (ঢাকা-১২)। এছাড়া পিরোজপুর-১ আসনে মোস্তফা জামাল হায়দার, নড়াইল-২ আসনে ফরিদুজ্জামান ফরহাদ, যশোর-৫ আসনে মুফতি রশিদ এবং ঝিনাইদহ-৪ আসনে মুহাম্মদ রাশেদ খাঁনকে সমর্থন দিয়েছে বিএনপি।

মির্জা ফখরুল হুঁশিয়ারি দিয়ে বলেন, শরিকদের ছেড়ে দেওয়া আসনে বিএনপির কেউ স্বতন্ত্র প্রার্থী হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। জোটের শরিকরা নিজ নিজ দলীয় প্রতীকে লড়লেও অনিবন্ধিত দলের প্রার্থীরা ধানের শীষ প্রতীক ব্যবহার করবেন। আসন সমঝোতা নিয়ে আলোচনা এখনো চলমান বলে জানান বিএনপি মহাসচিব।