মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে রায় আজ

0
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা এবং দমনে উসকানি দেওয়ার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর রায় আজ ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।। ফাইল ছবি: সংগৃহীত
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও হত্যাকাণ্ডে উসকানি দেওয়ার অভিযোগে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মামলার রায় আজ মঙ্গলবার ।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গত ২২ জুন রায়ের জন্য এই দিন নির্ধারণ করেছিলেন। এর আগে গত ১৪ মে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়েছিল। জাসদ সভাপতি হাসানুল হক ইনু বর্তমানে কারাগারে রয়েছেন এবং তিনি এই মামলার একমাত্র আসামি।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জন নিহত হওয়ার ঘটনা এবং আন্দোলনকারীদের ওপর হামলায় উসকানি দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইনুর বিরুদ্ধে এই মামলা করা হয়।

বিগত বছরের ২৫ মার্চ এই মামলার আনুষ্ঠানিক তদন্ত শুরু হয় এবং একই বছরের ১১ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। এরপর ২ নভেম্বর আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে ইনুর বিরুদ্ধে মোট আটটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো—তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থেকে আন্দোলনকারীদের দমনে সরাসরি গুলির নির্দেশ দেওয়া এবং কুষ্টিয়ার তৎকালীন পুলিশ সুপারকে ফোনে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়া।

এই বিচার প্রক্রিয়ায় প্রসিকিউশন পক্ষে ১০ জন এবং আসামিপক্ষে ২ জন সাফাই সাক্ষ্য দেন। গত ১৩ এপ্রিল উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়ে গত ১৩ মে তা শেষ হয়।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় নিহতদের মধ্যে রয়েছেন শ্রমিক আশরাফুল ইসলাম ও সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন ও উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী এবং চাকরিজীবী ইউসুফ শেখ। শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করেছিল পুলিশ।