মাগুরায় নিখোঁজের দুদিন পর নদী থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

0

মাগুরা  সংবাদদাতা, লোকসমাজ : মাগুরায় নিখোঁজের দুদিন পর মধুমতি নদী থেকে ইয়াসিন মোল্লা (৯) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে মাগুরা সদর উপজেলার কালিনগর গ্রামের বাগবাড়িয়া এলাকায় মধুমতি নদী থেকে লাশটি উদ্ধার করেন মাগুরা ফায়ার সার্ভিসের সদস্যরা।

মাগুরা ফায়ার সার্ভিসের সাব-অফিসার জামাল উদ্দিন জানান, গত রবিবার বিকেলে মধুমতি নদীর পাড়ে চাচার সঙ্গে পাট জাগ দেওয়ার কাজে সহযোগিতা করছিল ইয়াসিন। এ সময় পা পিছলে নদীতে পড়ে যায় সে। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

মঙ্গলবার সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে মাগুরা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নদী থেকে ইয়াসিনের লাশ উদ্ধার করেন।

নিহত ইয়াসিন মোল্লা মাগুরা সদর উপজেলার কালিনগর গ্রামের শহর আলী মোল্লার ছেলে এবং কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

ইয়াসিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।