মহেশপুর সীমান্তে ৪০টি সোনার বারসহ চোরাকারবারী আটক

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা গ্রাম থেকে ৪০টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। বুধবার সকালে মহেশপুর-৫৮ বিজিবির অধিনায়ক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সোনার বার উদ্ধার করেন। এ সময় মহেশপুর উপজেলার মাটিলা বাগান পাড়ার হজরত আলীর ছেলে রিমন হোসেনকে (২০) আটক করা হয়। উদ্ধার করা চার কেজিরও বেশি সোনার মূল্য ৪ কোটি ৫ লাখ ৯৯ হাজার ৭১ টাকা বলে বিজিবি জানায়। বিজিবির অধিনায়ক মাসুদ পারভেজ রানা জানান, বিজিবি গোপন সংবাদ পেয়ে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি ও তার উপ-অধিনায়ক মাহমুদুল হাসান সীমান্ত পিলার ৫২/১৮-আর থেকে ২০০ গজ বাংলাদেশের মধ্যে জনৈক শহিদুল মন্ডলের বাঁশবাগানে ওৎঁপেতে অবস্থান নেন। এ সময় দুজন চোরাকারবারী সীমান্তের দিকে এগিয়ে যাওয়ার সময় তাদের চ্যালেঞ্জ করলে তারা একটি সাদা কাপড়ের বেল্ট সাদৃশ্য প্যাকেট ভুট্টার ক্ষেতে ছুঁড়ে পালিয়ে যায়। বিজিবির টহলদল তাদের পিছু ধাওয়া করলে অজ্ঞাত একজন ভারতে পালিয়ে যেতে সক্ষম হলেও রিমন হোসেনকে আটক করা হয়। পরে চোরাকারবারীদের ফেলে দেওয়া সাদা কাপড়ের ভেতর থেকে ওই সোনা উদ্ধার করা হয়।এ ব্যাপারে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে। উদ্ধার সোনার বারগুলো ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।