মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহের মহেশপুর সীমান্তের চাপাতলা এলকা দিয়ে ভারতে প্রবেশের সময় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শুক্রবার সকালে চাপাতলা গ্রামের একটি গোলাপ বাগান থেকে তাকে আটক করা হয়। আটক ভারতীয় নাগরিক সুপ্রদিপ হালদার ভারতের উত্তর চব্বিশ পরগোনা জেলার থোয়ারা ঘোষপাড়া গ্রামের সুভাষ হালদারের ছেলে।
শুক্রবার বিকেলে মহেশপুর ৫৮ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশপুরের কুসুমপুর বিজিবির সদস্যরা সীমান্ত পিলার-৬১/২০-আর হতে ২০০ গজ বাংলাদেশের মধ্যে ওঁৎ পেতে ছিলেন। এ সময় ভারতীয় নাগরিক সুপ্রদিপ হালদার স্থানীয় একটি গোলাপ বাগানের মধ্যে দিয়ে ভারতের দিকে যাওয়ার চেষ্টা করেন। এ সময় টহল দল তাকে আটক করে।
এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা হয়েছে। একই দিন মহেশপুর -জীবননগর সীমান্তের মাধবখালী গ্রাম থেকে ১৯টি বস্তায় ভরা ৬৬১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। এ সময় চোরাকারবারীরা হাসুয়া নিয়ে বিজিবির দিকে ছুটে আসলে বিজিবি সদস্যরা এক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করেন।