মহেশপুর সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাতে তৎপর বিজিবি ও গ্রামবাসী

0
ছবি: সংগৃহীত।

আসিফ কাজল, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশইন ঠেকাতে বিজিবির সাথে গ্রামবাসীও নির্ঘুম রাত কাটাচ্ছে।

মহেশপুর-৫৮ বিজিবি সূত্রে জানা গেছে, এই ব্যাটালিয়নে ১২টি বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) রয়েছে। এর মধ্যে যাদবপুর, সামন্তা, মাটিলা ও বাঘাডাঙ্গাসহ অন্তত পাঁচটি বিওপি এলাকা পুশইনের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ।

স্থানীয় ইউপি সদস্য ওবাইদুল ইসলাম জানান, গত এক সপ্তাহ ধরে বিএসএফ রাতের অন্ধকারে কাঁটাতারের ওপারের বাতি নিভিয়ে পুশইনের চেষ্টা চালাচ্ছে। তবে সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবির পাশাপাশি স্থানীয় গ্রামবাসীর প্রতিরোধে তাদের সেই পরিকল্পনা ভেস্তে যাচ্ছে।

বিএসএফের নড়াচড়া টের পেলেই সীমান্ত ঘেঁষা গ্রামগুলোর মসজিদে মাইকিং, টর্চলাইটের তীব্র আলো নিক্ষেপ এবং গ্রামবাসীর শোরগোলে পিছু হটতে বাধ্য হচ্ছে ভারতীয় বাহিনী।

স্পর্শকাতর পরিস্থিতি নিয়ে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিইও) লে. কর্নেল মো. রফিকুল আলম অত্যন্ত দৃঢ়তা প্রকাশ করে বলেন, ‘আমাদের আওতাধীন সীমান্ত এলাকায় এখন পর্যন্ত কোনো পুশইনের ঘটনা ঘটেনি। তবে ওপার থেকে কিছু অপচেষ্টার খবর আমরা পেয়েছি।

বিজিবি সদস্যরা বর্ডারে ২৪ ঘণ্টা হাই-অ্যালার্টে রয়েছে এবং আমাদের সব ধরনের সক্ষমতা ও রিসোর্সকে এখানে নিয়োজিত করা হয়েছে।’