মন্ত্রিসভায় নতুন চার সদস্য যুক্ত হচ্ছেন, আজ বঙ্গভবনে শপথ

0
মন্ত্রিসভার নতুন চার সদস্য হলেন– (বা থেকে) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি, জাতীয় পাটির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী ও গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আরও চারজন নতুন সদস্য যুক্ত হচ্ছেন। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণের পর আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন এই সদস্যরা শপথ নেবেন বলে জানা গেছে।

সরকার ও সংশ্লিষ্ট দলীয় সূত্রে জানা গেছে, আজ নতুন মন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এবং বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী। এ ছাড়া প্রতিমন্ত্রী হিসেবে মোহাম্মদ শামীম কায়সার লিংকনের শপথ নেওয়ার কথা রয়েছে।

ইতিমধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্ভাব্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করে আজ সন্ধ্যায় বঙ্গভবনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। শপথের জন্য বার্তা পাওয়ার কথা স্বীকার করে বান্দরবান-১ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী জানান, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাঁকে ফোন করা হয়েছে এবং সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বঙ্গভবনে উপস্থিত থাকতে বলা হয়েছে।

নতুন মন্ত্রীদের তালিকায় থাকা ড. আবদুল মঈন খান নরসিংদী-২ আসন থেকে এবং সাচিং প্রু জেরী বান্দরবান আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য। অপরদিকে, বিএনপি জোটের শরিক দল বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রধান আন্দালিব রহমান পার্থ ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ ছাড়া প্রতিমন্ত্রী হিসেবে আলোচনায় থাকা মোহাম্মদ শামীম কায়সার লিংকন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসন থেকে নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার গঠনের সময় মন্ত্রিসভার মোট সদস্যসংখ্যা ছিল ৫০ জন। যার মধ্যে প্রধানমন্ত্রী ব্যতীত ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেন। এর বাইরে পাঁচজন মন্ত্রী ও পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জন উপদেষ্টা থাকলেও তাঁরা মন্ত্রিসভার অন্তর্ভুক্ত নন। আজ নতুন তিনজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী শপথ নিলে মন্ত্রিসভার মোট সদস্যসংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াবে ৫৪ জনে।